প্রশ্ন:রাকিব সাহেব তাঁর ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। তিনি কিছুটা পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত। ছেলের ভবিষ্যৎ ও বিবাহের জন্য ব্যাংকে নির্ধারিত ‘স্টুডেন্ট ফান্ডে’ একটি অ্যাকাউন্ট খোলেন। বাড়ির অদূরে একটি মাহফিলে গিয়ে তিনি হেদায়েত লাভ করেন। এখন তিনি জানতে চাচ্ছেন, উক্ত ফান্ডের যাকাত দিতে হবে কি না? দিতে হলে কীভাবে দেবেন?
নিবেদক:মাহদী হাসান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে যে ব্যক্তির কোনো সম্পদ খরচ করার পূর্ণ বৈধ ক্ষমতা ও কর্তৃত্ব থাকে, তাকেই উক্ত সম্পদের মালিক ধরা হবে। বিধায় সম্পদটি নিসাব পরিমাণ হলে এবং এর ওপর এক বছর অতিবাহিত হলে তাকে ওই সম্পদের যাকাত আদায় করতে হবে।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে রাকিব সাহেব যদিও ছেলের নামে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু পর্যালোচনায় দেখা গেছে, ১৮ বছর পূর্ণ হওয়ার আগে এ টাকার মালিকানা পিতারই থাকে। বিধায় তা নিসাব পরিমাণ হলে অন্যান্য শর্ত সাপেক্ষে তাঁর ওপর যাকাত ওয়াজিব হবে। অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সঙ্গে হিসাব করে এ ফান্ডের টাকারও যাকাত আদায় করতে হবে।
আর যদি ১৮ বছর পূর্ণ হওয়ার পর উক্ত ফান্ডের টাকার মালিকানাস্বত্ব ছেলেকে দিয়ে দেওয়া হয়, তাহলে ওই সম্পদের যাকাত তাকে আদায় করতে হবে না।
রেফারেন্স:মুখতাসারুল কুদুরি, ২/৩১৬, দারুস সিরাজ।আল-বাহরুর রায়েক, ২/৩৬১, যাকারিয়া।ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/২৩৩, দারুল ফিকির।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
তালেবে ইলম কখন ধনী গণ্য হবে? ধনী শিক্ষার্থীর যাকাত গ্রহণের বিধান