প্রশ্ন:জারিফ মাদরাসার ফ্রি বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে। ওই মাদরাসার আয়ের খাত হলো যাকাত ও ফিতরা। কিন্তু জারিফের বাবা একজন স্বাবলম্বী ব্যক্তি, যিনি যাকাত গ্রহণের উপযুক্ত নন। এখন জানার বিষয় হলো—
১. তালিবুল ইলম ধনী হলেও কি তার জন্য যাকাতের মাল গ্রহণের সুযোগ আছে?
২. কোনো বালিগ তালিবুল ইলমের নিজস্ব কোনো সম্পদ নেই, কিন্তু তার বাবার সম্পদ আছে। এখন তার বাবার সম্পদের কারণে তাকে ধনী হিসেবে গণ্য করা যাবে কি না?
নিবেদক:আবুল কাসিম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে প্রয়োজনাতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং তাঁর নাবালেগ সন্তানের জন্য যাকাতের মাল গ্রহণ করা বৈধ নয়। তবে তাঁর বালিগ সন্তান বাবার সম্পদের কারণে ধনী বলে গণ্য হবে না। বিধায় সে যাকাতের মাল গ্রহণ করতে পারবে।
অতএব, প্রথম প্রশ্নের উত্তর হলো, তালিবুল ইলম ধনী তথা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য যাকাতের মাল গ্রহণের সুযোগ নেই। তবে সে যদি মুসাফির হয়, অর্থাৎ এমন কোনো স্থানে অবস্থান করে, যেখানে তার কাছে প্রয়োজন পরিমাণ অর্থ নেই এবং বাড়ি থেকেও তা আসার কোনো ব্যবস্থা নেই, তাহলে সে প্রয়োজন পরিমাণ যাকাতের মাল গ্রহণ করতে পারবে।
দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, কোনো বালিগ তালিবুল ইলমের নিজস্ব কোনো সম্পদ না থাকলে সে গরিব বলেই বিবেচিত হবে। তার বাবার সম্পদের কারণে তাকে ধনী হিসেবে গণ্য করা যাবে না।
রেফারেন্স:তুহফাতুল ফুকাহা, পৃ. ১৪১, মারুফিয়া।রদ্দুল মুহতার, ৩/৩৪০, আযহার।
والله أعلم بالصواب
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল