প্রশ্ন: অনেকে বলেন, খিযির (আ.) এখনো জীবিত। আবার অনেকে বলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আবার তিনি নবী ছিলেন কি না এ বিষয়েও মতভেদ দেখা যায়। জানার বিষয় হলো, তিনি নবী ছিলেন কি না? এবং তিনি এখনো জীবিত আছেন কি? যদি জীবিত থাকেন, তাহলে তিনি কোন শরিয়ত অনুসরণ করছেন? এ সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কী?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী মূলনীতি অনুযায়ী মুজিযার অধিকারী, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত ব্যক্তিকে নবী বলা হয়। কুরআন ও হাদীসে সুস্পষ্টভাবে যেসব নবীর নবুওয়ত সাব্যস্ত, তাঁদের নবুওয়তের ওপর ঈমান রাখা আবশ্যক। আর তা অস্বীকার করা কুফরি। অন্যথায় নয়।
কুরআন-হাদীসের বিভিন্ন ঘটনা দ্বারা হযরত খিযির (আ.)-এর ক্ষেত্রে নবীর সংজ্ঞা প্রযোজ্য হওয়ায় উম্মতের অধিকাংশ আলেমের মতে তিনি নবী ছিলেন। কারো মতে তিনি নবী ছিলেন না; বরং ফেরেশতা ছিলেন। আবার কারো মতে তিনি আল্লাহর ওলী ছিলেন। তবে বিশুদ্ধ মত হলো, তিনি নবী ছিলেন। তিনি জীবিত না মৃত এ বিষয়েও আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। মুহাদ্দিসীনে কিরামের একদল আলেমের মতে তিনি মৃত্যুবরণ করেছেন, বর্তমানে জীবিত নন। পক্ষান্তরে, জমহুর আলেম ও সুফিদের মতে তিনি এখনো জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন।
মোটকথা হলো: কুরআন-হাদীস থেকে এমন কোনো সুস্পষ্ট দলীল পাওয়া যায় না, যার দ্বারা নিশ্চিতভাবে বলা যায় যে, তিনি বর্তমানে জীবিত অথবা মৃত। তাছাড়া এটি এমন কোনো আকীদাগত বিষয়ও নয়, যার ওপর ঈমান আনা আবশ্যক। তাই সুস্পষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে নীরব থাকাই নিরাপদ ও উত্তম।
- فتح الباري، جـ ٧، صـ ٧٥، دار الفكر-,فتح الملهم، جـ ٥، صـ ٢٣، دار العلوم كراتشي ,-آپ کے مسائل اور ان کا حل، جـ ١، صـ ١٦٣، مكتبة لوديانوي
الادلة الشرعية
١. سورة الكهف: ٦٥
فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِّنْ عِندِنَا وَعَلَّمْنَاهُ مِن لَّدُنَّا عِلْمًا
٢. سورة الكهف: ٨٢
وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ۚ ذَٰلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِعْ عَلَيْهِ صَبْرًا
٣. صحيح البخاري، كتاب المناقب، باب وفاة النبي ﷺ، حديث: ٣٦٥٤
أَرَأَيْتُمْ لَيْلَتَكُمْ هَذِهِ، فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا لَا يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَحَدٌ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা