বর্তমানে দুই ধরনের শেয়ারহোল্ডার লক্ষ্য করা যায় : ক. যারা আইপিও-তে অংশগ্রহণ করে শেয়ার খরিদ করে থাকে কোম্পানির বার্ষিক ডিভিডেন্ড (লভ্যাংশ) পাওয়ার উদ্দেশ্যে। খ. যারা ক্যাপিটাল গেইন করে অর্থাৎ শেয়ার বেচা-কেনাই এদের মুখ্য উদ্দেশ্য থাকে; কোম্পানির ঘোষিত লভ্যাংশ নেওয়া এদের মূল উদ্দেশ্য থাকে না।
শেয়ারের যাকাতের ক্ষেত্রে উপরোক্ত দুই গ্রুপের হুকুম ভিন্ন। যারা শুধু ব্যবসায়ী পণ্য হিসেবে শেয়ারের কারবার করে থাকে তারা যাকাত আদায় করবে শেয়ারের মার্কেট ভ্যালু হিসাবে। তাদের যাকাতের বছর যেদিন পূর্ণ হবে ঐ দিন শেয়ারবাজারে ওই শেয়ারের যে মূল্য থাকে সে মূল্য হিসাব করেই যাকাত আদায় করবে।
আর যারা কোম্পানির ডিভিডেন্ট (লভ্যাংশ) হাসিলের জন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করে থাকে তারা ওই কোম্পানির ব্যালেন্সশীট দেখে যাকাত পরিশোধ করবে।
এক্ষেত্রে ব্যালেন্সশীট দেখে কোম্পানির ফিক্সড এসেট্স (স্থায়ী সম্পদ) এ শেয়ার অনুযায়ী তার যতটুকু অংশ রয়েছে তত টাকা যাকাতের হিসাব থেকে বাদ দিতে পারবে। অবশিষ্ট মূল টাকা ও কোম্পানি ঘোষিত লভ্যাংশ (নগদ, বোনাস শেয়ার ইত্যাদি) এর যাকাত প্রদান করতে হবে।
প্রকাশ থাকে যে, এখানে শুধু শেয়ারের যাকাতের হুকুম বলা হয়েছে, শেয়ার ক্রয়-বিক্রয়ের শরয়ী হুকুম এখানে বর্ণনা করা হয়নি। কোনো কোম্পানির শেয়ার কিনতে হলে সে সম্পর্কে কেনো বিজ্ঞ মুফতীর নিকট আগেই জিজ্ঞাসা করে নিতে হবে। বর্তমান স্টক এক্সচেঞ্জের লেনদেনের উপর তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী এবং শরয়ী হুকুমসহ দুটি প্রবন্ধ মাসিক আলকাউসারএপ্রিল ২০১০ ও ২০১১-এর ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল সংখ্যায় ছাপা হয়েছে। যা পরবর্তীতে মাকতাবাতুল আশরাফ থেকে পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছে। তা দেখা যেতে পারে।
মাসিক আলকাউসার
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
তাখাসুস্স ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
সম্মানিত মুফতি ও সদস্য, ফতোয়া বোর্ড, ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা