রোযার নিয়ত
==========
মাসআলা : রোযার নিয়ত করা ফরয। নামায-রোযা ও অন্যান্য আমলের ক্ষেত্রে অন্তরের সংকল্পই হল নিয়ত। মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়। তবে অন্তরের নিয়তের সাথে সাথে মুখে উচ্চারণ করে বললেও অসুবিধা নেই। উমদাতুল কারী ১/৩৩; শরহুল মুনইয়া ২৫৪; আদ্দুররুল মুখতার ১/৪১৫
মাসআলা : রোযার উদ্দেশ্যে সাহরি খেলে সেটিও রোযার নিয়তের জন্য যথেষ্ট। এর দ্বারাই রোযা সহীহ হয়ে যাবে। ুআলবাহরুর রায়েক ২/২৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৫; বাদায়েউস সানায়ে ২/২২৫
মাসআলা : রোযার নিয়তের নির্দিষ্ট কোনো শব্দ-বাক্য নেই। প্রচলিত আরবী নিয়ত হাদীস-আছার বা শরীয়তের কোনো দলীল দ্বারা প্রমাণিত নয়। এ ধরনের আরবী নিয়ত জরুরিও নয় বা এভাবে নিয়ত করা উত্তমও নয়; বরং এসব আরবী নিয়তের পেছনে না পড়াই ভালো। এটা অনেকের জন্যই অহেতুক পেরেশানীর কারণ হয়।
মাসআলা : রমযানের রোযার নিয়ত রাতে করাই উত্তম। তবে কেউ রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার আগে নিয়ত করলেও রোযা হয়ে যাবে। এর চেয়ে বিলম্বে নিয়ত করলে সে রোযা সহীহ হবে না।
আবদুল কারীম জাযারী রাহ. বলেন, কিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিল, তখন উমর ইবনে আবদুল আযীয রাহ. বললেন, যে ব্যক্তি (ইতিমধ্যে কিছু) খেয়েছে, সে বাকি দিন খাওয়া থেকে বিরত থাকবে। আর যে খায়নি, সে বাকি দিন রোযা রাখবে। আলমুহাল্লা ৪/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৬; মাবসূত, সারাখসী ৩/১৩৫; রদ্দুল মুহতার ৩/৩৭৭
মাসিক আলকাউসার
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
তাখাসুস্স ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
সম্মানিত মুফতি ও সদস্য, ফতোয়া বোর্ড, ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা