মুহতারাম! আমাদের পাশের এলাকার লোকজন সৌদী আরবের সাথে মিল রেখে রোযা ও ঈদ পালন করে, অথচ তারা যে দিন রোযা রাখা শুরু করে এর পরদিন থেকে আমাদের দেশে রোযা শুরু হয়। এমনিভাবে তারা আমাদের দেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার আগে ঈদ করে।

জানার বিষয় হলো, তাদের এভাবে নিজেদের দেশে চাঁদ দেখা যাওয়ার আগে রোযা রাখার ও ঈদ পালন করার শরীয়ত কতটুকু বৈধতা দেয়? এক্ষেত্রে করণীয় কী? দালিলিক জানার প্রত্যাশায় রইলাম।

নিবেদক:মুহা. আতাউল্লাহ


 
 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

হানাফী মাযহাবের (ظاهرة الرواية) বা সর্বাধিক গ্রহণযোগ্য মতানুযায়ী (চাঁদের তারিখ নির্ভর ইবাদতগুলো পালনের ক্ষেত্রে) বিশ্বব্যপী চাঁদের উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়। ফলে পৃথিবীর এক প্রান্তে প্রথম চাঁদ উদিত হওয়ার সংবাদ গ্রহণযোগ্য সূত্রে পৌঁছার শর্তে বিশ্বব্যপী সর্বত্র একসাথে সেই ইবাদতগুলো আদায় করাই যুক্তিযুক্ত। কিন্তু বিশ্বব্যপী মুসলিম রাষ্ট্রগুলোর সীমারেখার ভিন্নতার সাথে সাথে দেশে দেশে হেলাল কমিটির নীতির ভিন্নতা এবং শরয়ী নীতির সঙ্গে অসামঞ্জস্যতা এবং এ বিষয়ে যথার্থ সমন্বয়হীনতা সহ নানাবিদ জটিরতার কারণে উক্ত মতের উপর আমল করা প্রায় অসম্ভব।

তাই সার্বিক বিবেচনায় ফুকাহায়ে কেরামগণ প্রত্যেক রাষ্ট্রের উলামাদের সমন্বিত রাষ্ট্রিয় হেলাল কমিটির সিদ্ধান্ত মেনে সেই মোতাবেক রোযা ঈদ ইত্যাদি ইজতেমায়ী আমলগুলো আঞ্জাম দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এর ব্যতিক্রম করত সৌদী আরবের সঙ্গে মিলিয়ে উক্ত বিধান পালন করলে তা সহীহ হবে না বলা যায় না বটে, তবে এরূপ সিদ্ধান্ত চরম অসঙ্গতিপূর্ণ এবং ফিতনার দ্বার উম্মোচনের নামান্তর। তাই প্রত্যেকের জন্য নিজ রাষ্ট্রের উলামাদের হেলাল কমিটির সিদ্ধান্ত মেনে সেই মোতাবেক রোযা ঈদ পালন করা একান্ত কর্তব্য।

সূত্র:মুসলিম শরীফ , হাদিস -১০৮৭, বাদায়ে সানায়ে: ২/২২৫ যাকারিয়া, মাজমাউল আনহুর। ১/৩৫-৩ মানার।

 و الله اعلم بالصواب



উত্তর প্রদানে

মুফতি মুহাম্মদ আবু সালেহ

মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল