ফিকহ অজু/গোসল/পবিত্রতা

নাপাক কাপড় পবিত্র করার পদ্ধতি



ক. কাপড়ে যদি দৃশ্যমান নাপাকি লাগে, এমনভাবে যে নাপাকি দৃষ্টিগোচর হয় তাহলে ঐ নাপাকি দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। যদি একবার ধোয়ার মাধ্যমেই নাপাক দূর করা যায় তাতেও কাপড় পবিত্র হয়ে যাবে। তিন বার ধোয়া শর্ত নয়। অর্থাৎ মূল নাপাক দূর হলেই কাপড় পবিত্র হয়ে যাবে। নাপাকী দূর হয়ে যাওয়ার পর যদি এর দাগ বা চিহ্ন বাকি থাকে (যা দূর করা কষ্টকর হয়) তবে এতে কোনো অসুবিধা নেই। এ ধরনের দাগ থাকার কারণে তা অপবিত্র গণ্য হবে না। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত

হযরত খাওলা বিনতে ইয়াসার রাযি. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন হে আল্লাহর রাসূল! আমার একটি মাত্র কাপড় আছে এবং তা পরিহিত অবস্থায় আমি হায়েয গ্রস্ত হই। তখন আমি কি করব? তিনি বলেন, তুমি পবিত্র হলে কাপড়টি ধুঁয়ে নাও, অতঃপর তা পরিধান করে নামায পড়। তিনি বলেন, যদি রক্তের দাগ দূরীভুত না হয়? তিনি বলেন, রক্ত ধৌত করাই তোমার জন্য যথেষ্ট, এর চিহ্ন তোমার কোন ক্ষতি করবে না। (মুসনাদে আহমদ ২/৩৬৪, সুনানে আবু দাউদ- ৩৬৫)

 

খ. আর যদি নাপাকি অদৃশ্যমান হয়, যেমন কাপড়ে লেগে থাকা নাপাকির যদি কোনো আলাদা রং দৃশ্যমান না হয়, তাহলে কাপড় ভালোভাবে ধৌত করার মাধ্যমেই পবিত্র হয়ে যাবে। এমনভাবে ধৌত করবে, যাতে ধৌতকারীর মনে প্রবল ধারণা হয় যে, এখন কাপড় পবিত্র হয়ে গেছে। আর পবিত্র হওয়ার প্রবল ধারণা লাভ হতে পারে তিনবার ধৌত করার মাধ্যমে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

 

"তোমাদের কেউ যখন ঘূম থেকে উঠে, তখন সে যেন তার হাত তিনবার না ধোয়া পর্যন্ত পাত্রে না ঢকায়। কারণ সে জানেনা যে, তার হাত রাতে কোথায় ছিল।'' (সহীহ মুসলিম-২৭৮)

 

এমনিভাবে কাপড়ের উপর বেশি পরিমাণে পানি ঢেলেও পবিত্র হওয়ার ব্যাপারে প্রবল ধারণা লাভ করা যায়।

 

গ. আর যদি কাপড় মোটা হয় এবং নাপাকি শোষণ করে ফেলে তাহলে তা পবিত্র করার জন্য তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার ভালো করে নিংড়াতে হবে। অথবা তার উপর দিয়ে বেশি পরিমাণ পানি প্রবাহিত করবে দীর্ঘ সময় ধরে তাহলেই কাপড় পবিত্র হয়ে যাবে।

 

(আল ফিকহুল হানাফী ফী সাউবিহিল জাদিদ ১/৫৮, আল মুহীতুল বুরহানী ১/৪০, আদ্দুররুল মুখতার ১/৩৩৩, জামিউল ফাতাওয়া ৫/১৬৪)

 


উত্তর প্রদানে

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল



১৭ ডিসেম্বর ২০২৫