মুহতারাম মুফতি সাহেব, স্কয়ার কোম্পানির একজন রিপ্রেজেনটেটিভ হিসেবে প্রধান দায়িত্বগুলো হলো
১. কোম্পানির পণ্য প্রচার করা তথা ডাক্তার, কাস্টমার ও ব্যবসায়ীদের কাছে কোম্পানির পণ্যের বিস্তারিত পরিচিতি, উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য প্রদান করা।
২. সেল বৃদ্ধি করা তথা নির্ধারিত সেলস্ টার্গেট অনুযায়ী বিক্রি বাড়ানোর জন্য কাজ করা এবং মাসিক বিক্রয় রিপোর্ট প্রস্তুত করা।
৩. ডাক্তার ও কাস্টমার ভিজিট করা যেমন: নিয়মিত ডাক্তার, ফার্মেসি, দোকান এবং ডিস্ট্রিবিউটরদের কাছে ভিজিট করে পণ্য সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তুলে ধরা।
৪. অর্ডার সংগ্রহ করা যেমন: কাস্টমারদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করে যথাসময়ে কোম্পানিতে জমা দেওয়া।
৫. রিপোর্টিং করা যেমন: দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক কাজের অগ্রগতি, বিক্রয় পরিমাণ এবং বাজার পরিস্থিতির রিপোর্ট তৈরি করে সুপারভাইজারকে প্রদান করা।
৬. নতুন পণ্যের আপডেট শেখা কোম্পানির নতুন পণ্য, অফার, স্কিম বা নীতিমালা সম্পর্কে ট্রেইনিং গ্রহণ করা এবং সেগুলো বাজারে কার্যকরভাবে প্রচার করা।
৭.সম্পর্ক তৈরি ও বজায় রাখা
ডাক্তার, কাস্টমার, ফার্মেসি ও ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখা।
৮.কোম্পানির ব্র্যান্ড ইমেজ ধরে রাখা
আচরণ, যোগাযোগ ও কাজের মাধ্যমে কোম্পানির পেশাদার ইমেজ বজায় রাখা এবং ব্র্যান্ডকে সঠিকভাবে উপস্থাপন করা।
এই সবগুলো কাজ একজন ঝগচঙ (রিপ্রেজেনটেটিভ) এর।
এগুলো ১০০% হালাল।
তবে ১ টা কাজ আছে যা নিয়ে সন্দেহ আছে।
সেই কাজ টা বিস্তারিত দিচ্ছি:
স্কয়ার কোম্পানির একজন রিপ্রেজেনটেটিভ ডাক্তারের সাথে একটা ডিল করতে হয়। যেমন: আপনাকে মাসে একটা এমাউন্ট এর টাকা দিবো, আপনি প্রেস্ক্রিপশনে প্রতিদিন ১০ টা বা একটা নির্দিষ্ট পরিমান ওষুধ লিখবেন আমার কোম্পানির।
এখন এটা কখনো ডাক্তার নিজেই চায় বা স্কয়ারের কর্মী ই বলে।
এই টাকা দেয় স্কয়ার কোম্পানি হতে।
এখন এইযে টাকা দিলো এবং ডাক্তার ওষুধ লিখলো-
এখানে বিষয় যেটা হয় তা হলো: একজন রুগীর জন্য ডাক্তারের ৫ টা ওষুধ লিখতে হবে, উনি এই ৫ টা থেকে হয়তো ১ টা স্কয়ার কোম্পানির লিখলো, এই ডিলের কারনে ডাক্তার রুগীকে অতিরিক্ত ওষুধ লিখতেছে না শুধুমাত্র যে ওষুধ গুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো সেগুলোর মাঝে কিছু স্কয়ার কোম্পানির ওষুধ টা লিখতেছে। যেহেতু স্কয়ার কোম্পানির ওষুধ যথেষ্ট মানসম্মত সেহেতু এখানে ওষুধ লেখায় রুগীর কোনো সমস্যা হবে না, যেগুলো ছোট কোম্পানি যাদের ওষুধের মান ভালো না তাদের ক্ষেত্রে একিই কাজ হলে ডাক্তার একটা ভালো কোম্পানির ওষুধ না লিখে দুর্বল কোম্পানির সাথে ডিল করেছে বলে তাদের ওষুধ লিখে সেক্ষেত্রে রুগীর সমস্যা হয়।
যেহেতু স্কয়ার একটি বিশ্বস্ত কোম্পানি সেহেতু এটায় রুগী ক্ষতিসাধন হয় না।
আমার এখন কয়টা প্রশ্ন যার উত্তর প্রয়োজন:
১. এই যে সিচুয়েশন, এই ক্ষেত্রে এই ডিল যা কোম্পানি টাকা দেয়, এই ডিলের কারনে কি পুরো চাকরি টা হারাম হয়ে যাবে?
২. যেহেতু এই চাকরির আরো অনেক গুলো কাজ আছে সেগুলোতে হারামের কিছু নেই৷ তো এই একটা ডিল যা চাকরির একটা অন্যতম বড় পার্ট এটার কারনে কি পুরো ইনকাম হারাম হবে? নাকি চাকরির যতটুকো অংশ এই কাজ টা ঠিক ততটুকো অংশের টাকা হারাম হবে।
৩.যদি পুরো চাকরি হারাম হয় তাহলে ত সব ইনকাম ই হারাম। যদি উক্ত কাজের জন্য উক্ত অংশ টুকো হারাম হয় সেক্ষেত্রে মাসে বেতন পাওয়ার পর টাকা টা কিভাবে আলাদা করবো এবং ওই টাকা কি করবো?
নিবেদক,
ফাহিম-গাজীপুর
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামী বিধান মতে রোগীর সঠিক রোগ নির্ণয় করে উপযুক্ত ঔষধ প্রয়োগ করা একজন ভিজিট ভুক্ত ডাক্তারের নৈতিক দায়িত্ব। এ গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি কর্ণপাত না করে শুধু কমিশনের আশায় বেশি বেশি করে ঔষধ লেখা অমানবিক ও গর্হিত হওয়ার পাশাপাশি গুনাহের কাজও বটে। তথাপিও ডাক্তারের জন্য কোম্পানি থেকে চুক্তিভিত্তিক কমিশন গ্রহণের ক্ষেত্রে নিমুক্ত কিছু শর্ত আরোপ করা হয়েছে। যদি উক্ত শর্তগুলো পাওয়া যায় তাহলে কমিশন গ্রহণ করা বৈধ আছে। অন্যথায় নয়।
শর্তগুলো উল্লেখ করা হলো:
(১) কমিশনের টাকা নির্দিষ্ট হতে হবে (২) ঔষধ মানসম্মত হতে হবে কমিশনের নেশায় নিম্নমানের ঔষধ লেখা যাবে না (৩) ডাক্তারকে প্রদত্ত কমিশনের অর্থ কোনভাবে কৌশলে রোগীর উপর আরোপ করতে পারবে না।
সুতরাং উপরোক্ত শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে শর্তভিত্তিক কমিশন ডাক্তারের জন্য গ্রহণ করা বৈধ এবং কোম্পানির জন্য দেওয়া বৈধ আছে। অন্যথায় নয়। তবে কোম্পানির পক্ষ থেকে ডাক্তারের সাথে ডিলকারী ব্যক্তির উপার্জন সর্বাবস্থায় হালাল হবে।
الادلة الشرعية
عن ابن
عباس رضي الله تعالى عنه قال لا باس ان يقول بع هذا الثوب فما زاد على كذا وكذا
فهو لك اعلاء السنن ١٦/٢٤٤ شرط جوازها
عند الجمهور ان تكون الاجرة معلومة رد المحتار (٩/٨٧) قال في
التاتارخانية وفي الدلال يجب اجر المثل وما تواضعوا عليه ان في كل عشرة دينار به
وان كان في الاصل فاسدا لكثرة التعامل
وكثير من هذا غير جائز فيجوز لحاجة الناس اليه كدخول الحمام و الله اعلم بالصواب كتبه بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش
المجلس المشترك للإفتاء