মুহতারাম মুফতি সাহেব, আমি অনেক বড় দুশ্চিন্তার মাঝে আছি, আমার তালাক নিয়ে ওয়াস ওয়াসা আছে, তাই লেখাটা একটু বড় করে বিস্তারিত লিখবো, দয়া করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল।

আমার হাজব্যান্ড প্রবাসী, সে আমাকে অনেক বেশি ভালোবাসে,তার এই অতিরিক্ত ভালোবাসায় আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, সে দূরে থাকে তাই আমাকে নিয়ে অনেক ভয়ে থাকে। অকারনেই আমাকে সন্দেহ করে, হুটহাট সামান্য কিছু কারণ নিয়েই রাগ উঠে, আর রাগ উঠলে তার মাথায় রক্ত উঠে যায়, আর মুখে যা আসে তাই বলে ফেলে। এমনকি আমার মা বাবা তুলেও অনেক বাজে বাজে গালি দেয়,আমার চরিত্র তুলেও অনেক কথা বলে। যখন দেশে থাকে তখন একটু ঝগড়া নিয়ে আমাকে মারধর করে, আর সামনে যা পায় তাই ভাঙচুর করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে তার ভুল বুঝতে পেরে আবার নিজের শরীরে নিজে আঘাত করে।আর মাথা একটু গরম হলেই সব সময় আমাকে বলে তোর মত চরিত্রহীন মেয়ের সাথে সংসার করবো না, তোকে ডিভোর্স দিয়ে দিবো। ভালো করেই জানে আমি চরিত্রহীন না, কিন্তু এই সব কিছু বলে শুধুমাত্র সে রাগ কন্ট্রোল করতে না পেরে। জিদ করে বলে এইসব। এই বাজে কথা বলার পিছনে তার কোন নিয়ত থাকেনা। তার ব্যবহারে আমি কিছুই মনে করি না, কারনআমি জানি সে দুনিয়ার সব থেকে আমাকে ভালোবাসে, আমাকে ছাড়ার কথা সে কখনো কল্পনাও করেনা। রাগ কোনভাবে কন্ট্রোল করতে না পেরে সাইকোর মতো ব্যবহার করে, কিন্তু রাগ একটু কমে গেলে তার মত ভালো মানুষ দুনিয়াতে আর একটাও নেই। রাগের সময় তার বলা কথাগুলো হলো

১/তোরে ডিভোর্স দিয়ে দিমু

২/ একবার বলেছিল আল্লাহর কসম তরে ডিভোর্স দিয়ে দিবো।

৩/ যখন গর্ভবতী ছিলাম তখন বলেছিল তোর পেটের বাচ্চার কসম তোরে ডিভোর্স না দিয়ে ভাত খাবো না।

৪/ আমার বাড়ি থেকে বের হ, তোর বাবার বাড়িতে যা।

এইসব কথার জন্য কি তালাক হয়েছে? এইসব সে ছেরে দেওয়ার নিয়তে বলেনি। তাকে জিজ্ঞেস করলে সে বলে আমাকে কখনোই ছারবে না, আমি চলে গেলে সে মরে যাবে, রাগে মাথা আগুন হয়ে জায় তাই মুখে যা আছে তাই বলে ফেলে। আমাদের অকারনে অনেক ঝগড়া কিন্তু পরে আবার সব মিটমাট করে ফেলি।

ঘটনা ১:

গত ৭ সেপ্টেম্বর আমার স্বামী আমাকে অহেতুক সন্দেহ করে, এ বিষয় নিয়ে তার সাথে ফোনে চ্যাট এর মাধ্যমে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার বাজে বাজে কথা শুনে আমার অনেক মেজাজ খারাপ হয়ে যায়,

এক পর্যায়ে আমি বলি আমার চরিত্র তুলে কথা না বলে আমাকে ডিভোর্স দিয়ে দেন, সে বলে হ্যাঁ দিয়ে দিবো তোর মত চরিত্রহীন মেয়ে নিয়ে আমি খাবো না।

এটা শুনে আমার আরো রাগ হয়ে যায়, তখন বলি আমাকে ফোন দিয়ে ফোনেই তালাক দেন , সে আমাকে বারবার বাড়াবাড়ি করতে নিষেধ করে, বলে যে বেশি বুঝলে তুই যা চাইতেছস তাই দিমু আল্লাহর কসম, তোর কসম, মেয়ের কসম। তারপর আমার আরো রাগ হয়ে জায়।

আমি তাকে তালাক দিতে বললেও আমার কল্পনাও ছিল না সে সত্যি আমাকে তালাক দিবে। আমি আবারও তাকে ফোন দিয়ে বলি আমাকে তালাক দে, সে বলে যা দিলাম ১ তালাক ২ তালাক, এই পর্যন্ত শুনেই আমি ফোনটা কেটে দেই। ফোন কাটার পর তিন তালাক বলেছে কিনা আমি শুনিনি। তাকে জিজ্ঞেস করলেও সে আল্লাহর কসম দিয়ে বলে সে ৩ তালক বলেনি।কিন্তু আমার এ বিষয়ে অনেক সন্দেহ হয়। কারণ সে দ্বীনদার না, অতীতেও কসম করে অনেক মিথ্যা কথা বলেছে, তাই আমার সন্দেহ হয় সে হয়তো ৩ তালাকও বলেছিল।

আমাদের বিয়ের ৯ বছর, আমাদের দুইটা বাচ্চা আছে। ৯বছরে প্রায় ৯ হাজার বার ঝগড়া লেগেছে, কিন্তু দিনশেষে দুইজন দুইজন কে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি। আমরা তালাকের বিধান সম্পর্কে কিছুই জানতাম না, মুখ দিয়ে বললে যে তালাক হয়ে যায় সেটা জানা ছিল না।

আমরা না বুঝে ভুল করে ফেলেছি। এবং তার জন্য অনেক কান্নাকাটি করছি আর তওবা করেছি। তারপর আমি ২ জন মুফতির কাছ থেকেও লিখিত ফতোয়া নেই। আর অন্যদিকে ইউটিউবে তালাক নিয়ে ঘাটাঘাটি শুরু করি। তালাক নিয়ে ভিডিও দেখতে দেখতে আমি আরো মেন্টালি সিক হয়ে যায় নানান মতবেদ দেখে, তারপর শুরু হয় আমার তালাকের ওয়াসওয়াসা। আমার শুধু মনে হয় আমার স্বামী আমাকে তিনতালাক দিয়ে ফেলছে, ভয়ে আমি কমপক্ষে ১০ জন আলমের কাছ থেকে ফতোয়া নেই। কেউ বলে ১ তালাক হয়েছে, কেউ বলে ২ তালাক হয়েছে। তবু আমার মন মানে না আমার সন্দেহ হয়, আমার স্বামী হয়তো ফোনে দুই তালাক দিয়ে, ফোন কাটার পর ৩ তালাক দিয়েছে। আর শুধু ওয়াস ওয়াসা আসে যে বিগত ৯ বছরে আমার অনেক তালাক হয়ে গেছে, যদিও আমার ঐরকম কোন কিছুই মনে নাই। স্বামীকে জিজ্ঞেস করলেও ও বলে আগে তালাক দেওয়ার মতো সরাসরি কোন শব্দ বলে নাই।

ঘটনা ২:

আমার স্বামী যে আমাকে তালাক দিছে এইটা আমি মেনে নিতে পারি না। শুধু ভাবি যাকে আমি এত ভালবাসি জীবন দিয়ে সে আমাকে কিভাবে তালাক দিলো, এগুলা ভাবতে ভাবতে আমি মানসিকভাবে একদম ভেঙে পরি।

আরো আমার যেহেতু ওয়াসওয়াসা আসে, শুধু মনে হয় যে আমার বিয়ে ভেঙ্গে গেছে।

তাই আমার যেটা সন্দেহ হয় সেই সন্দেহ ভিত্তিক আমার স্বামীকে ফোনে এটা ওটা বলে অনেক মেন্টালি প্রেসার দেয়।

ও আল্লাহর কসম করে বলে আমাকে তিন তালাক দেয়নি, তবুও সেটা আমি বিশ্বাস করতে পারি না ওকে দিনরাত যখন সময় পায় তখনই ফোন দিয়ে কান্নাকাটি করি আর ওকে সত্যি কথাটা বলতে বলি। আগের মত স্ত্রীসুলভ আচরণ ও করতে পারিনা শুধু মনে হয় যিনা হচ্ছে। ফোন করেই বলি আমাদের সম্পর্ক হয়তো হারাম,। আমাদের পাপ হচ্ছে, অপরের জন্য হারাম হয়ে গেছি, আল্লাহ আমাদের যেনাকারি হিসেবে শাস্তি দিবে। তাকে বলি এখনো সময় আছে সত্যিটা আমাকে বলে দাও।

সে সবসময়ই কসম করে বলেছে, তবুও আমি কেন যে তাকে মেন্টালি প্রেসার দেই আমি নিজেও জানিনা।

আমার স্বামী আমাকে বলেছে যে তোমাকে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে তুমি এগুলা থেকে বের হও। তবুও পারিনি, হারাম-হারাম নিয়ে কথা বলতে বলতে ওর মাথাটা পুরা নষ্ট করে দিছিএক মাস সময় ধরে।

ও আমাকে ফোন দিলেও আমি ইগনোর করি। সারাদিনের ২০ ঘন্টা আমি তালাকের /জিহার/ঈলার মাসআলা জানতে ব্যস্ত থাকি। তাই ও এগুলা আমার কাছ থেকে শুনতে শুনতে অনেক কষ্ট পায় আর বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে।

তাই ৫-৬ দিন আগে আমাকে মেসেজ দিয়ে বলে, বুঝতে পারছি তুমি এগুলা বাদ দিতে পারবা না, তুমি কত বারই ব্যাপারটা ক্লিয়ার করছো মাস আলা নিয়ে তারপরেও তুমি এই মাসআলা নিয়ে এখনো পরে আছো, আমি মরার আগ পর্যন্ত তোমার শান্তি হবে না । পরে আমি বলছি আমাদের ভালোর জন্যই তো আমি মাসআলা নিয়ে পড়ে আছি, যদি আমাদের সংসারটা যিনার হয়, তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে? তোমার তো হালাল-হারাম নিয়ে কোন চিন্তাই নাই ।

পরে সে বলে আমাকে এত টর্চার কইরো না,দুইদিন পর পর আমাকে হারাম বানাও, এই ব্যাপার নিয়ে যা শুরু করছো, আমি না মরলে তোমার শান্তি হবে না। আমাকে আমার মত থাকতে দাও সারাদিন এগুলো নিয়েই পড়ে থাকো আমার জন্য তোমার কোন টাইম নাই। আমি মরলেও আমার খোঁজ নেওয়ার মানুষ নাই, আমি কল দিলে দেখারও প্রয়োজন মনে করোনা। ২৪ ঘন্টায় ৩০ মিনিট আমাকে স্বামী মনে করে ভালোবাসা দেখাও , বাকি ২৩ ঘন্টা ৩০ মিনিট আমাকে ইগনোর করো। যা শুরু করছো, এত অশান্তি নিয়ে আর শরীর চলে না। তুমি চাইতেছ আমার মরণ হোক, না হয় পাগল হয়ে যায় এর জন্য এত মেন্টালি টর্চার করতেছো। তোমার আমাকে বিশ্বাসই হয় না শুধু দুইদিন পর পর আমাকে হারাম বলো।

আমাকে প্লিজ আর এইভাবে টর্চার কইরেন না, আমাকে আমার মত থাকতে দেন, আমাকে কোন মায়া দেখাতে আইসেন না। আমার আর জীবনের প্রতিটি মায়া নাই, আপনি অলওয়েজ আমাকে উল্টাপাল্টা হারাম বানাবেন, আবার কি যেন মনে করে পাঁচ মিনিটের জন্য প্রানের স্বামী বানাবেন, এর থেকে আমার মরা ভালো

*হারাম আমি আমার থেকে দূরে থাকুন। তারপর আমি তাকে জিজ্ঞেস করি আপনি আবার হারাম শব্দটা মুখে আনলেন কেন, সে বলে তুমি সারাদিন বল তাতে সমস্যা নাই আর আমি বললেই দোষ। পরে আমি বলি যে স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে হারাম শব্দ বলা যায় না। পরে সে বলে যে, উনি হারাম শব্দটা কোন উদ্দেশ্য বা নিয়ত করে বলে নাই। আর আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্যও বলে নাই। আমার প্রতিদিনকার কাÐকারখানা দেখে, আমি প্রতিদিন ওকে হারাম, হালাল বলি, আমি এই তালাকের বিষয়টা নিয়ে বের হতে পারতেছি না, তাই ও কথার কথা বলছে।

 

কিন্তু ওর এই হারাম কথাটা নিয়ে আমি আবার নতুন করে ওয়াসওয়াসাই পরি।

রাতদিন ঘাটাফাটি করি এই ব্যাপারে, অনেকগুলা আলেমের কাছ থেকেও শুনেছি।

তবে সবার মধ্যেই মতভেদ আছে,

এত মতভেদ দেখে আমি পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি।

সবাইকে তো আর বিস্তারিত বলিনি, আপনাদের সবকিছু বললাম, দয়া করে সবকিছু চিন্তা ভাবনা করে সঠিক বিধান দিবেন।

 

 

নিবেদক,

        শিখা আক্তার-টাঙ্গাইল

 


الجواب باسم ملهم الصِّدق و الصّواب


ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট-গর্হিত বৈধ কাজ। অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত করেছে। তথাপি কারণে-অকারণে বা ইচ্ছায়-অনিচ্ছায় মৌখিকভাবে বা লিখিতভাবে কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিলে সংখ্যা অনুযায়ী তা পতিত হয়ে যায়। পাশাপাশি তালাকের জন্য গঠিত নয় এমন শব্দ দ্বারা তালাক পতিত হওয়ার জন্য উক্ত শব্দ উচ্চারণের সময় তালাকের নিয়ত থাকা শর্ত। অন্যথায় তালাক পতিত হয় না। এমনিভাবে ভবিষ্যৎ কালের সাথে তালাক কে সম্পৃক্ত করলে তা তালাকের ওয়াদা হওয়ার কারণে কোন ধরনের তালাক পতিত হয় না।

 

সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্বামীর কথা “তোরে ডিভোর্স দিয়ে দিমু বা আল্লাহর কসম তোরে ডিভোর্স দিয়ে দিমু” এমন শব্দ বলার দ্বারা কোন ধরনের তালাক হয়নি। এমনিভাবে গর্ভকালীন সময়ে স্বামী যখন বলেছিল “তোর পেটের বাচ্চার কসম তোরে ডিভোর্স না দিয়ে ভাত খাব না” উক্ত কথা বলার পর যেহেতু তালাক দেয়নি তাই কোন তালাক পতিত হয়নি। তবে তালাক না দিয়ে যেহেতু খাবার খেয়েছে বিধায় তার ওপর কসম ভঙ্গের কাফফারা অবশ্যক হবে।

অতঃপর আপনার চাওয়ার ভিত্তিতে যখন স্বামী এক তালাক দুই তালাক বলেছে এর ফলে আপনার উপর দুই তলা পতিত হয়ে গিয়েছে। আর তৃতীয় তালাকের ব্যাপারে স্বামী যেহেতু অস্বীকার করতেছে বিধায় তার কথাই গ্রহণযোগ্য হবে। তাই দুটি তালাক পতিত হওয়ার পর ইদ্দতের ভিতর যদি আপনার স্বামী মৌখিকভাবে যেমন: আমি তোমাকে ফিরিয়ে নিলাম এ ধরনের কথা বলে অথবা স্বামী স্ত্রী সুলভ কোন আচরণের মাধ্যমে ফিরিয়ে নেয় তাহলে রাজআত কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং আপনাদের বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে। আর যদি ইদ্দতের ভিতরে আপনার স্বামী বর্ণিত পদ্ধতিতে আপনাকে ফিরিয়ে না নেয় তাহলে পরবর্তীতে নতুন মোহরের মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে বিবাহ করে নিলে আপনারা স্বাভাবিক বৈবাহিক জীবনে ফিরে যেতে পারবেন।

 

 

الادلة الشرعية

 

 [سورة البقرة: ٢:٢٢٩ ]

               الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ

 

الحديث:

            عن ثوبان رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أيما امرأة سألت زوجها طلاقا فى غير مابأس فحرام عليها رائحة الجنة

 

(فتح القدير-3/443)

            أما سببه فالحاجة إلى الخلاص عند تباين الأخلاق وعروض البغضاء الموجبة عدم اقامة حدود الله

 

(بدائع الصنائع-3/295)

            وأما حكم الطلاق البائن.. هو نقصان عدد الطلاق وزوال الملك أيضا حتى لا يحل له وطوها إلا بنكاح جديد، ...... ولا يحرم حرمة غليظية حتى يجوز له نكاحها من غير أن تتزوج آخر، لأن ما دون الثلاثة، وإن كان بائنا، فإنه يوجب زوال الملك لا زوال حل المحلية

 

(هداية، اشرفى-2/394، الفتاوى الهندية، قديم-1/470، جديد-1/533)

           اذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها فى عدتها

 

فتاوی دار العلوم دیوبند جواب نمبر

           شریعت نے شک کا اعتبار نہیں کیا ہے۔ اگر طلاق دینے یا نہ دینے میں شک ہوجائے تو طلاق واقع نہہوگی خواہ اس نے واقع میں طلاق دے دی ہو

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش