আমি ঢাকার একজন স্থায়ী বাসিন্দা। গাজীপুরে আমার নিজ মালিকানাধীন জমিতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা-বাণিজ্য দেখা-শোনার জন্য আমাকে প্রতি সপ্তাহে তিন-চার দিন গাজীপুরে থাকতে হয় এবং অবশিষ্ট দিনগুলো ঢাকার বাসায় থাকি। এখন প্রশ্ন হলো, গাজীপুরে আমাকে কি মুসাফিরের নামায পড়তে হবে, নাকি পূর্ণ নামায পড়তে হবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, গাজীপুরে আপনার মালিকানাধীন জমিতে নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকায় সেটিও আপনার ঢাকার বাড়ির মতো স্থায়ী বাড়ি। অতএব, আপনাকে ঢাকা ও গাজীপুর—উভয় বাড়িতেই মুকীম হিসেবে পূর্ণ নামায আদায় করতে হবে। স্থায়ী বাড়িতে কোনো অবস্থাতেই নিজেকে মুসাফির মনে করে চার রাকাতের স্থলে দুই রাকাত পড়ার অবকাশ নেই।

তবে যদি দুটি স্থায়ী বাড়ির মাঝে সফরের দূরত্ব তথা শরয়ি ৪৮ মাইল, যা বর্তমানে ইংরেজি ৫৪ মাইল বা ৮৭ কিলোমিটার হয়, তাহলে পথিমধ্যে যোহর, আসর ও এশার নামায চার রাকাতের স্থলে দুই রাকাত পড়তে হবে।

সূত্র:বাদায়েউস সানায়ে, ১/১০৩–১০৪, আল-মুহীতুল বুরহানী, ২/১৩৯, আন-নাহরুল ফায়েক, ১/৩৮৯, রদ্দুল মুহতার, ২/৬১৪, আল-ফিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ, ১/৩১২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল