আমরা জানি, যখন কোনো ব্যক্তি শরিয়তের দৃষ্টিতে মুসাফির বলে গণ্য হন, তখন আল্লাহ তাআলা তাঁর সহজতার জন্য চার রাকাতবিশিষ্ট নামাযকে দুই রাকাত করে দিয়েছেন। এখন আমার জানার বিষয় হলো, কেউ যদি গোনাহের উদ্দেশ্যে সফর করেন, তাহলে তাঁর জন্যও কি চার রাকাতবিশিষ্ট নামায দুই রাকাত পড়লেই চলবে, নাকি চার রাকাতই পড়তে হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, হ্যাঁ, এ ধরনের সফরকারীর জন্যও চার রাকাতবিশিষ্ট নামায দুই রাকাত পড়তে হবে। শরিয়তের দৃষ্টিতে সফরের শরয়ি দূরত্ব তথা শরয়ি ৪৮ মাইল, যা বর্তমানে ইংরেজি ৫৪ মাইল বা ৮৭ কিলোমিটার। এ পরিমাণ পথ অতিক্রম করার নিয়তে নিজ এলাকার সীমারেখা অতিক্রম করলেই ব্যক্তি মুসাফির বলে গণ্য হবেন। নিজ এলাকার সীমারেখা অতিক্রম করার পর থেকেই চার রাকাতবিশিষ্ট নামায দুই রাকাত পড়া ওয়াজিব হবে।
নামায কসর করার ক্ষেত্রে হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী, সফর গোনাহের উদ্দেশ্যে হোক কিংবা নেক উদ্দেশ্যে—এ দুটির মধ্যে কোনো পার্থক্য নেই।
সূত্র:হেদায়া, ১/১৬৭, আল-ফিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ, ১/৩১৩।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল