কোনো ব্যক্তি মুসাফির হওয়া সত্ত্বেও মুকীম হওয়ার ধারণা করে যোহর বা আসরে ইমামতি করেন। তাহলে উক্ত নামাযের হুকুম কী? নামায কি হয়ে যাবে, নাকি পুনরায় পড়তে হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব সেজদায়ে সাহু করলে ইমাম ও মুসাফির মুক্তাদিগণের নামায সহিহ হয়ে যাবে। এক্ষেত্রে প্রথম দুই রাকাত ফরজ এবং পরবর্তী দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে।
তবে যদি প্রথম বৈঠক না করে থাকেন অথবা প্রথম বৈঠক করেছেন, কিন্তু সেজদায়ে সাহু করেননি, তাহলে পুনরায় নামায পড়তে হবে। আর চার রাকাতবিশিষ্ট নামাযে পূর্ণ নামায আদায়কারী মুসাফির ইমামের পেছনে মুকীম মুক্তাদির নামায কোনো অবস্থাতেই সহিহ হবে না; বরং পুনরায় পড়া আবশ্যক। কেননা নফল আদায়কারী ইমামের পেছনে ফরজ আদায়কারী মুক্তাদির নামায জায়েয নেই।
উল্লেখ্য, মুসাফির জেনে-শুনে ইচ্ছাকৃতভাবে পূর্ণ নামায পড়লে সেজদায়ে সাহু দিলেও নামায সহিহ হবে না। কেননা সে স্বেচ্ছায় ওয়াজিব তরক করেছে।
বি. দ্র.:ইমাম সাহেবের উচিত, যথাসাধ্য বিষয়টি মুক্তাদিদের কাছে পৌঁছে দেওয়া যে, অমুক দিন যারা তাঁর পেছনে নামায পড়েছেন, তাঁরা যেন পুনরায় নামাযটি পড়ে নেন। কেননা তিনি মুসাফির ছিলেন।
সূত্র:রদ্দুল মুহতার, ২/৬০৯–৬১০, আল-বাহরুর রায়েক, ২/২৩০, ফাতাওয়া হাক্কানিয়া, ৩/৪০০, ফাতাওয়া মাহমুদিয়া, ১৬/৪৩৫, ফাতাওয়া রহীমিয়া, ১০/৫, আহসানুল ফাতাওয়া, ৪/৭৭, ফাতাওয়া দারুল উলূম, ৪/৪৫১।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল