প্রশ্ন:মিনা, আরাফা ও মুযদালিফায় অবস্থানকালে হাজি সাহেবরা মুকীম হিসেবে গণ্য হবেন, নাকি মুসাফির?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির মুকীম হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো, একই শহরে এক বা একাধিক স্থানে কমপক্ষে ১৫ দিন অবস্থানের নিয়ত করা। অবস্থানের ক্ষেত্রে রাতযাপনের স্থানই বিবেচ্য; দিনে ব্যক্তি যেখানেই থাকুক না কেন। এমনকি দিনে শহরের বাইরে অবস্থান করলেও রাতে ওই শহরের মধ্যে অবস্থান করলে সে মুকীম হিসেবে গণ্য হবে না; বরং মুসাফিরই থাকবে।
আর যদি ভিন্ন ভিন্ন শহরে ১৫ দিন অবস্থানের নিয়ত করে, তাহলে ইকামতের নিয়ত গ্রহণযোগ্য হবে না; বরং সে মুসাফিরই থাকবে। এ বিধান পৃথিবীর সব দেশের সব শহরের ক্ষেত্রেই প্রযোজ্য।
পূর্বে মিনা, মুযদালিফা ও আরাফা মক্কা শহরের অন্তর্ভুক্ত ছিল না; বরং মাঝখানে বিস্তর ব্যবধান থাকার কারণে এগুলো পৃথক পৃথক স্থান হিসেবে গণ্য হতো। তাই হাজি সাহেব মক্কা, মিনা ও মুযদালিফা মিলিয়ে ১৫ দিন অবস্থানের নিয়ত করলেও শহর এক না হওয়ার কারণে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হতো। এ কারণেই ফাতাওয়ায়ে শামীসহ একাধিক ফিকহের কিতাবে উল্লেখ করা হয়েছে, মক্কা ও মিনা উভয় স্থানে মিলিয়ে ১৫ দিন অবস্থানের নিয়ত করলেও ইকামতের নিয়ত সহিহ হবে না।
তবে বর্তমানে মক্কা শহরের পরিধি বিস্তৃত হয়ে আরাফা পর্যন্ত পৌঁছে গেছে। ফলে মিনা ও মুযদালিফাও মক্কা শহরের অন্তর্ভুক্ত হয়ে গেছে।
সুতরাং বর্তমানে কোনো হাজি সাহেব মক্কা, মিনা ও মুযদালিফা—সবগুলো স্থান মিলিয়ে ১৫ দিন বা তার বেশি সময় অবস্থানের নিয়ত করলে তিনি মুকীম হিসেবে গণ্য হবেন।আরাফাকে মক্কা শহরের অন্তর্ভুক্ত না ধরলেও কোনো সমস্যা নেই। কেননা সাধারণত আরাফায় রাতযাপন করা হয় না। আর যদি কমপক্ষে ১৫ দিন অবস্থানের নিয়ত না করে, তাহলে উল্লিখিত সব স্থানেই তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন।
সূত্র:সহিহ মুসলিম, ১/২৪১; বাদায়েউস সানায়ে, ১/২৬৮; আল-মুহিতুল বুরহানি, ৩/২০; সহিহ বুখারি, ১/১৮৪; মাআরিফুস সুনান, ৬/১৯৯; রদ্দুল মুহতার, ৩/৭–৮; তাকমিলাতু ফাতহিল মুলহিম, ১/৬৩৬; কিফায়া মা‘আ ফাতহুল কাদির, ২/২৫; ইমদাদুল আহকাম, ১/৭২৩; আপকে মাসায়েল, ২/৩৮৩; কিতাবুন নাওয়াজিল, ৭/৪৮৮, ৫০৬–৫০৭।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল