(ক) মুকীম মুসল্লির জন্য পাঁচ ওয়াক্ত নামাযের কোন ওয়াক্তে কোন ধরনের কিরাত পড়া সুন্নাত? (খ) মুসাফির মুসল্লির জন্য কোন ওয়াক্তে কোন ধরনের কিরাত পড়া সুন্নাত?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নের উত্তর নিম্নরূপ—
১. মুকীম মুসল্লির কিরাতের বিধান:
(ক) মুকীম ব্যক্তির নিরাপত্তা থাকলে এবং শত্রুর ভয়-ভীতি না থাকলে তার জন্য সুন্নাত হলো মুফাসসাল সূরাসমূহ থেকে কিরাত পড়া। যেমন—
- ফজর ও যোহরের নামাযে তিওয়ালে মুফাসসাল থেকে পড়া।
- আসর ও এশার নামাযে আওসাতে মুফাসসাল থেকে পড়া।
- মাগরিবের নামাযে কিসারে মুফাসসাল থেকে পড়া।
(খ) মুকীম ব্যক্তির যদি কোনো অপারগতা থাকে, যেমন সময় স্বল্পতা, শত্রুর ভয় বা সম্পদ হারানোর আশঙ্কা, তাহলে নিরাপত্তা ও সময়ের অবস্থা বিবেচনা করে কিরাত পড়বে।
২. মুসাফির মুসল্লির কিরাতের বিধান:
(ক) মুসাফির ব্যক্তির যদি কোনো অপারগতা থাকে, যেমন শত্রুর ভয় বা সফরের ব্যস্ততা, তাহলে সূরা ফাতিহার পর যে কোনো সূরা থেকে ইচ্ছানুযায়ী কিরাত পড়বে।
(খ) মুসাফির ব্যক্তির যদি শত্রুর ভয়-ভীতি না থাকে এবং সফরের মধ্যেও কোনো ব্যস্ততা না থাকে, তাহলে তার জন্য সুন্নাত কিরাত হলো—
- ফজরের নামাযে সূরা বুরুজ অথবা এ ধরনের কোনো সূরা পড়া।
- যোহরের নামাযেও সূরা বুরুজ অথবা এ ধরনের কোনো সূরা পড়া।
- আসর ও এশার নামাযে সূরা বুরুজ ও এ ধরনের সূরা বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়া।
- মাগরিবের নামাযে কিসারে মুফাসসাল থেকে পড়া।
সূত্র:আহসানুল ফাতাওয়া, ৩/৭৩; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ২/১৭১; ইমদাদুল আহকাম, ২/১৯৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৭৭।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল