প্রশ্ন:আমার দেশের বাড়ি টাঙ্গাইল শহরে। সেখানে নিজস্ব জমি-বাড়ি ও আত্মীয়-স্বজন রয়েছে। কিন্তু স্ত্রী ও ছেলে-মেয়েদের ময়মনসিংহের মুক্তাগাছায় বাসা ভাড়া করে রেখেছি। সেখানে ১০ বছর যাবৎ ভাড়া বাসায় বসবাস করছি। আমি ঢাকায় পুলিশের চাকরি করি। কিছুদিন পরপর পরিবারের দেখাশোনার জন্য ঢাকা থেকে মুক্তাগাছায় যাই। আবার মাসে মাসে নিজ বাড়ি টাঙ্গাইলেও যাই।
এখন আমার প্রশ্ন হলো, আমি যদি ১৫ দিনের কম সময় থাকার নিয়তে ঢাকা থেকে সরাসরি মুক্তাগাছায় যাই, তাহলে সেখানে কি মুসাফির হিসেবে গণ্য হব? একজন ইমামকে এ প্রশ্ন করলে তিনি বলেছেন, আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ মুক্তাগাছায় থাকি, তাই সেখানে মুসাফির হব না। এ বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে দলিলসহ ফতোয়া দিয়ে বাধিত করবেন।
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, না, মুক্তাগাছায় আপনি মুসাফির হবেন না। প্রশ্নের বিবরণ অনুযায়ী টাঙ্গাইল আপনার স্থায়ী বাড়ি হওয়ায় সেখানে আপনি মুকীম হিসেবে পূর্ণ নামায আদায় করবেন।
মুক্তাগাছায় স্ত্রী-সন্তানসহ দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করায় সেটিও আপনার দীর্ঘমেয়াদি আবাসস্থল হিসেবে গণ্য হবে। তাই বাসা ছেড়ে দেওয়া পর্যন্ত মুক্তাগাছাতেও আপনি মুকীম হিসেবে পূর্ণ নামায আদায় করবেন।
এ ছাড়া ঢাকা আপনার বর্তমান কর্মস্থল হওয়ায় অন্যত্র বদলি হওয়ার আগ পর্যন্ত ঢাকাতেও আপনি মুকীম হিসেবে পূর্ণ নামায আদায় করবেন।
ঢাকা থেকে টাঙ্গাইল বা মুক্তাগাছায় যাওয়ার পথে রাস্তার দূরত্ব সাড়ে ৮৮ কিলোমিটারের বেশি হওয়ায় পথিমধ্যে মুসাফির হিসেবে কসর আদায় করবেন। একইভাবে টাঙ্গাইল থেকে মুক্তাগাছার দূরত্ব যদি শরয়ি সফরের দূরত্ব—শরয়ি ৪৮ মাইল বা বর্তমান ইংরেজি হিসাবে প্রায় ৫৫ মাইল তথা ৮৭.৩৬ কিলোমিটার—পরিমাণ হয়, তাহলে এ পথেও যাতায়াতের সময় মুসাফির হিসেবে কসর আদায় করবেন। অর্থাৎ যোহর, আসর ও এশার চার রাকাত ফরজের পরিবর্তে দুই রাকাত পড়বেন। অন্যথায় পূর্ণ নামায আদায় করবেন।
সূত্র:বাদায়েউস সানায়ে, ১/১০৩; ফাতাওয়ায়ে উসমানি, ১/৫৪৮; ফাতাওয়ায়ে হাক্কানিয়া, ৩/৩৫৩।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল