প্রশ্ন:আমরা প্রত্যেক ভাই-বোন নিজ নিজ পরিবার নিয়ে আলাদা থাকি। বছরান্তে বিশেষ বিশেষ সময়ে—যেমন কুরবানি, ঈদ ও ছুটির অবকাশে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। গ্রামে বাপ-দাদার পৈতৃক বসতি রয়েছে। সেখানে আপন চাচা তাঁর পরিবার নিয়ে বসবাস করেন।গ্রাম থেকে ৭–৮ কিলোমিটার দূরে শহরের মাঝে বাবার নির্মিত দুইতলা ভবন রয়েছে। নিচতলা ভাড়া দেওয়া হয় এবং দ্বিতীয় তলা নিজেদের থাকার জন্য রাখা হয়েছে।
উল্লেখ্য, দাদা-বাবার কোনো সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা হয়নি এবং উক্ত ঠিকানাকে আমাদের স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হয়। তবে অদূর ভবিষ্যতে ঢাকায় বাবার নির্মাণাধীন বহুতল ভবনে বসবাসের পরিকল্পনা রয়েছে।
এখন জানার বিষয় হলো—
1. উক্ত গ্রামের বাড়ি বা শহরের বাড়িতে অবকাশকালীন সময়ে গেলে নিজেদের মুকীম গণ্য করব, নাকি মুসাফির?
2. চাকরি বা অন্যের প্রয়োজনে উক্ত স্থায়ী ঠিকানায় ভ্রমণকালীন সময়ে নিজেদের মুকীম গণ্য করব, নাকি মুসাফির?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি ইংরেজি ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দূরত্বের উদ্দেশ্যে নিজ এলাকা ত্যাগ করলে তাকে শরিয়তের পরিভাষায় মুসাফির বলা হয়। তবে গন্তব্যে পৌঁছে যদি কমপক্ষে ১৫ দিন অবস্থানের নিয়ত করে অথবা গন্তব্যস্থলটি তার স্থায়ী ঠিকানা হয়, তাহলে ১৫ দিন অবস্থানের নিয়ত ছাড়াই সে মুকীম হিসেবে গণ্য হবে।
সুতরাং আপনাদের বর্তমান বাসস্থান থেকে গ্রামের বাড়ি বা শহরের বাড়ির দূরত্ব যদি ইংরেজি ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) বা তার বেশি হয়, তাহলে উক্ত গ্রাম বা শহরের বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই আপনারা মুকীম হয়ে যাবেন।
উল্লেখ্য, উক্ত সফর নিজের প্রয়োজনে হোক কিংবা অন্যের প্রয়োজনে উভয় ক্ষেত্রেই বিধান একই।
বি. দ্র.:পূর্বের স্থায়ী ঠিকানা ত্যাগ করে অন্যত্র স্থায়ী ঠিকানা গ্রহণ করার আগ পর্যন্ত আগের ঠিকানাটিই স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য হবে। আর স্থায়ী ঠিকানায় মুকীম হওয়ার জন্য নতুন করে নিয়তের প্রয়োজন নেই।
সূত্র:সহিহ বুখারি, ১/১৪২, ১৪৪; মুয়াত্তা মালিক, পৃষ্ঠা ৫২; সহিহ মুসলিম, ১/১৩৫; আল-ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ, ১/৩১০; ইলাউস সুনান, ৭/২৮৪; গুনয়াতুল মুতামাল্লি শরহু মুনয়াতিল মুসল্লি, পৃষ্ঠা ৪৯৪; বাদায়েউস সানায়ে, ১/২৬১; আল-মুহিতুল বুরহানি, ২/১২৪–১২৫; হেদায়া, ১/১৬৫; ফাতহুল কাদির, ২/৪–৫; ফাতাওয়ায়ে কাযিখান, ১/৮০; আন-নুতাফ ফিল ফাতাওয়া, পৃষ্ঠা ৫১; আল-ফিকহ আলাল মাযাহিবিল আরবাআ, ১/৩৮৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪২।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল