প্রশ্ন: মুসাফির ইমাম ও মুকীম মুক্তাদি হলে চার রাকাতবিশিষ্ট ফরজ নামাযে মুসাফির ইমাম দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেন। এরপর মুকীম মুক্তাদি বাকি দুই রাকাত আদায় করেন। এ ক্ষেত্রে মুক্তাদি কি শুধু তাসবিহ ইত্যাদি পড়বেন, নাকি সূরা ফাতিহাও পড়তে হবে? এ বিষয়ে সঠিক সমাধান ও দলিল জানতে চাই।
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, চার রাকাতবিশিষ্ট ফরজ নামাযে মুসাফির ইমাম ও মুকীম মুক্তাদি হলে ইমাম দুই রাকাত আদায় করে সালাম ফিরিয়ে দেবেন। এরপর মুকীম মুক্তাদি দাঁড়িয়ে বাকি দুই রাকাত যথানিয়মে আদায় করবেন; তবে এ দুই রাকাতে কিরাত পড়বেন না।
এ প্রসঙ্গে ফাতাওয়ায়ে শামীসহ অনেক ফিকহের কিতাবে উল্লেখ রয়েছে—
وصح اقتداء المقيم بالمسافر في الوقت وبعده فإذا قام المقيم إلى الإتمام لا يقرأ ولا يسجد للسهو في الأصح
অর্থ: ওয়াক্তিয়া ও কাযা উভয় নামাযে মুকীম ব্যক্তি মুসাফিরের ইক্তেদা করতে পারবে। সুতরাং মুকীম ব্যক্তি যখন নামায পূর্ণ করার জন্য দাঁড়াবে, তখন বিশুদ্ধ মত অনুযায়ী কিরাত পড়বে না এবং কোনো ভুলের কারণে সেজদায়ে সাহুও দেবে না।
সূত্র: ফাতহুল কাদির, ২/৩৮; আল-বাহরুর রায়েক, ২/২৩৮; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৪২; মাজমাউল আনহুর, ১/২৪২; তাবয়ীনুল হাকায়েক, ১/৫১৬; আন-নাহরুল ফায়েক, ১/৩৪৮; রদ্দুল মুহতার, ২/৬১০–৬১১; ইমদাদুল ফাত্তাহ, পৃষ্ঠা ৪৭৩; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ১১/৫৭২; ফাতাওয়ায়ে রহীমিয়া, ৫/১৬৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল