প্রশ্ন: আমরা অনেক সময় বাস, ট্রেন, লঞ্চ বা বিমানে দূরপাল্লার সফর করে থাকি। সফর শেষে দেখা যায়, যানবাহনে থাকা অবস্থায় আমাদের অনেক নামায কাযা হয়ে গেছে। নামায কাযা হওয়া থেকে বাঁচার জন্য যানবাহনের মধ্যে নামায আদায়ের কোনো পদ্ধতি আছে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রাপ্তবয়স্ক ও সুস্থ বিবেকসম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামায নির্ধারিত সময়ে আদায় করা ফরজ। বাস, ট্রেন, লঞ্চ, বিমান বা অন্য কোনো যানবাহনে দূরপাল্লার সফরকালে পথে নামাযের ওয়াক্ত হয়ে গেলে সম্ভব হলে যানবাহন থেকে নেমে নামায আদায় করতে হবে। যানবাহন থেকে নামা সম্ভব না হলে যানবাহনের ভেতরেই কিবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু-সিজদাসহ নামায আদায় করতে হবে। দাঁড়াতে সক্ষম না হলে কিবলামুখী হয়ে নামায শুরু করবে। এরপর যানবাহনের দিক পরিবর্তনের কারণে নামাযির বুক কিবলার দিক থেকে ঘুরে গেলে তৎক্ষণাৎ বুক ঘুরিয়ে কিবলামুখী হতে হবে।

কিবলামুখী হয়ে যানবাহনে বসে ইশারার মাধ্যমে নামায আদায় করলে এর দ্বারা ফরজ আদায় হয়ে যাবে; তবে তা পুনরায় পড়া ওয়াজিব। আর কিবলামুখী হয়ে নামায আদায় করা সম্ভব না হলে ওই সময়ে নামায না পড়ে পরবর্তীতে আদায় করার অবকাশ আছে। এ ক্ষেত্রে পরবর্তীতে নামায আদায় করাই উত্তম।

সূত্র: রদ্দুল মুহতার, ২/৫৭২; তাকরীরাতুর রাফিঈ মা‘আ রদ্দুল মুহতার, ২/১০৪; আল-বাহরুর রায়েক, ২/২০৭; ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ২/৪৪; ইলাউস সুনান, ৭/২১২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল