প্রশ্ন: দেশ থেকে হজের প্রোগ্রাম দেখেই যদি জানতে পারি, আমাকে মক্কা বা মদিনায় একটানা পনের দিনের বেশি অবস্থান করতে হবে, তাহলে কি কসর করতে হবে? কোনো ওয়াক্ত জামাতে আদায় না করলে এ ক্ষেত্রে কী বিধান হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, হজ পালনের উদ্দেশ্যে নিজ এলাকা অতিক্রম করে মক্কা বা মদিনার উদ্দেশ্যে রওনা হলে ব্যক্তি মুসাফির হিসেবে গণ্য হবে। এ অবস্থায় যোহর, আসর ও এশার চার রাকাত ফরজের পরিবর্তে দুই রাকাত আদায় করবে।
তবে মক্কা বা মদিনায় প্রবেশের আগে কিংবা প্রবেশের সঙ্গে সঙ্গে যদি জানতে পারে যে, শুধু মদিনায় অথবা জিলহজের আট তারিখের আগে শুধু মক্কায় পনের দিন অবস্থান করতে হবে, কিংবা সেখানে পনের দিন অবস্থানের নিয়ত করে, তাহলে মক্কা বা মদিনায় প্রবেশের সঙ্গে সঙ্গেই সে মুকীম হয়ে যাবে। তখন থেকে মুকীমের বিধান অনুযায়ী পূর্ণ নামায আদায় করবে।
পক্ষান্তরে মক্কা ও মিনা উভয় স্থান মিলিয়ে পনেরো দিন অবস্থানের কথা জানতে পারলে কিংবা এভাবে পনেরো দিন থাকার নিয়ত করলে নির্ভরযোগ্য মত অনুযায়ী মক্কায় প্রবেশের পরও সে মুকীম হবে না; বরং মুসাফির হিসেবে কসর আদায় করবে। তবে জামাতে নামায আদায় করলে ইমামের অনুসরণ করবে।
সূত্র: আল-বাহরুর রায়েক, ২/২৩২; মিনহাতুল খালিক, ২/২৩২; রদ্দুল মুহতার, ২/৬০৭; জাদীদ ফিকহি মাসায়েল, ২/২০৫।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল