প্রশ্ন: আমি একজন ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর করতে হয়। সফর অবস্থায় মাঝে মাঝে আমার নামায ছুটে যায়। ছুটে যাওয়া নামায কীভাবে আদায় করব? কসর পড়ব, নাকি পূর্ণ নামায পড়তে হবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রাপ্তবয়স্ক ও সুস্থ বিবেকসম্পন্ন মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত ফরজ নামায নির্ধারিত সময়ে আদায় করা জরুরি। কোনো ওজর ছাড়া জামাত ত্যাগ করা উচিত নয়। তাই সফর অবস্থায়ও যথাসময়ে নামায আদায়ের প্রতি যত্নবান হতে হবে।

তবে কোনো অনিবার্য কারণে নামায ছুটে গেলে, যে অবস্থায় নামাযটি ছুটেছে, সেই অবস্থার বিধান অনুযায়ী কাযা আদায় করতে হবে। অর্থাৎ মুসাফির অবস্থায় যোহর, আসর ও এশার নামায ছুটে গেলে দুই রাকাত করে কাযা আদায় করতে হবে। আর অন্যান্য নামায স্বাভাবিক নিয়মে আদায় করতে হবে। পক্ষান্তরে মুকীম অবস্থায় যে নামাযগুলো ছুটে গেছে, সেগুলো পূর্ণ নামায হিসেবে কাযা করতে হবে।

এ ক্ষেত্রে কাযা আদায়ের সময় ব্যক্তি মুসাফির, নাকি মুকীম—তা বিবেচ্য নয়; বরং নামায ছুটে যাওয়ার সময় তার যে অবস্থা ছিল, সেটিই বিবেচ্য।

সূত্র: আল-বাহরুর রায়েক, ২/২৪১; রদ্দুল মুহতার, ২/৬১৮; হেদায়া মা‘আ ফাতহুল কাদির, ২/১৮।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল