প্রশ্ন: মুসাফির ব্যক্তি যদি কসর না করে পুরো নামায পড়ে, তাহলে তার জিম্মা থেকে ফরজ আদায় হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্ট ফরজ নামায একাকী আদায় করলে অথবা ইমামতি করলে তার জন্য কসর তথা দুই রাকাত পড়া ওয়াজিব। তবে মুকীম ইমামের পেছনে ইক্তেদা করলে চার রাকাতই পড়তে হবে।

মুসাফির ব্যক্তি একাকী অথবা ইমামতি করার সময় ইচ্ছাকৃতভাবে কসর না করে চার রাকাত পড়লে, প্রথম বৈঠক করে থাকলে মাকরূহের সঙ্গে ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু সালাম বিলম্ব করার কারণে সে গুনাহগার হবে এবং ওই নামায পুনরায় পড়া ওয়াজিব হবে। আর প্রথম বৈঠক না করে থাকলে ফরজিয়াত আদায় হবে না।

তবে ফাতাওয়ায়ে মাহমুদিয়া ও আহসানুল ফাতাওয়ায় উল্লেখ আছে, ভুলবশত চার রাকাত পড়ে প্রথম বৈঠক করে থাকলে এবং সেজদায়ে সাহু করলে তার জিম্মা থেকে ফরজ আদায় হয়ে যাবে। এ ক্ষেত্রে নামায পুনরায় পড়তে হবে না।

সূত্র: আদ্দুররুল মুখতার, ২/১২৮; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১৩৯; আল-বাহরুর রায়েক, ২/২৩০; হেদায়া, ১/১৬৬; আহসানুল ফাতাওয়া, ৪/৭৭; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৭/১৬১; ফাতাওয়ায়ে হাক্কানিয়া, ৩/৩৪৯।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল