প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে এক বা দুই তালাক দিয়ে বিচ্ছিন্ন করল। এরপর ইদ্দত শেষ হলে স্ত্রী অন্য একজনকে বিয়ে করল। দ্বিতীয় স্বামীর সঙ্গে সহবাসের পর সে তালাক দিলে এবং ইদ্দত শেষে প্রথম স্বামী পুনরায় তাকে বিয়ে করলে প্রথম স্বামী কতটি তালাকের অধিকার পাবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, এ মাসআলায় হানাফি মাযহাবের ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে।১. প্রথম স্বামী যদি তালাকের পর ইদ্দত শেষ হলে নিজেই পুনরায় স্ত্রীকে বিয়ে করে, তাহলে পূর্বে প্রদত্ত তালাকগুলো গণনায় বহাল থাকবে। সে কেবল অবশিষ্ট তালাকের অধিকারী হবে।২. প্রথম স্বামীর তালাকের পর স্ত্রী অন্য স্বামীকে বিয়ে করল; কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে সহবাসের আগেই সে তালাক দিয়ে দিল। এরপর প্রথম স্বামী পুনরায় বিয়ে করলে প্রথম স্বামী কেবল অবশিষ্ট তালাকের অধিকারী হবে।৩. দ্বিতীয় স্বামী বিয়ের পর সহবাস করল এবং পরবর্তী সময়ে তালাক দিল। এরপর ইদ্দত শেষ হলে প্রথম স্বামী পুনরায় বিয়ে করলে ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ রহ.-এর মতে প্রথম স্বামী নতুন করে তিন তালাকের অধিকারী হবে। আর ইমাম মুহাম্মদ রহ.-এর মতে পূর্বের তালাকগুলো গণনায় বহাল থাকবে এবং প্রথম স্বামী কেবল অবশিষ্ট তালাকের অধিকারী হবে।

 

সুতরাং: দ্বিতীয় স্বামীর সঙ্গে সহবাসের পর প্রথম স্বামীর সঙ্গে পুনরায় বিয়ে করলে তিন তালাকের অধিকার ফিরে আসবে কি না—এ বিষয়ে ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ রহ.-এর সঙ্গে ইমাম মুহাম্মদ রহ.-এর মতভেদ রয়েছে।

 

সূত্র:* কাশফুল আসরার শরহুল মানার, ১/৩৪১; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, কিতাবুত তালাক, ৫/১৫৩, নং ৭৫১৯, যাকারিয়া; আল-হিদায়া, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ২/৪০১, দারুল কিতাব, দেওবন্দ; মাজমাউল আনহুর, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ২/৯২, মাকতাবাতু ফাকীহিল উম্মাহ, দেওবন্দ; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, মাতলাব: মাসআলাতুল হাদম, ৫/৫২, যাকারিয়া।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা