কোনো ব্যক্তি নাবালেগ ইয়াতীম সন্তান রেখে মারা যাওয়ার পর সাধারণত ওই ইয়াতীমের মা কিংবা বড় ভাই তার দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি ইয়াতীম ও অন্যান্য ওয়ারিশদের মধ্যে বণ্টন না করে একত্রে সংসার পরিচালনা করতে থাকেন। এ সময় ইয়াতীমের অংশের আয় সংসারের কাজে ব্যয় করা হয়। কখনো তখন ইয়াতীমের কোনো প্রয়োজন না থাকলেও তার সম্পদের আয় সাংসারিক কাজে ব্যয় করা হয়।

পরবর্তীতে ইয়াতীম বড় হলে শুধু তার পিতার পরিত্যক্ত জমি, বাড়ি ও নগদ অর্থ থেকে তার অংশ পৃথক করে দেওয়া হয়। কিন্তু অন্যান্য সম্পদ, যেমন- জমি, মিল, কারখানা ও দোকান থেকে বিগত বছরগুলোর অর্জিত আয়ের কোনো অংশ দেওয়া হয় না। শরিয়তের দৃষ্টিতে এভাবে সম্পদ ব্যবহার করা জায়েজ কি? এ ক্ষেত্রে বড় ভাই কিংবা মা কি ইয়াতীমের সম্পদ ভোগ করার কারণে অপরাধী হবেন?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরপরই তাঁর পরিত্যক্ত সম্পত্তি সব ওয়ারিশের মধ্যে শরিয়ত নির্ধারিত অংশ অনুযায়ী বণ্টন করে দিতে হবে। এরপর নাবালেগ ইয়াতীমের অংশ তার মা, বড় ভাই বা দায়িত্বশীল অভিভাবকের কাছে আমানত হিসেবে সংরক্ষিত থাকবে।

অভিভাবক ইয়াতীমের সম্পদ থেকে তার খাওয়া-পরা, চিকিৎসা ও শিক্ষা-দীক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী ব্যয় করতে পারবেন। অবশিষ্ট সম্পদ সে বালেগ ও পূর্ণ জ্ঞান-বুদ্ধিসম্পন্ন হওয়া পর্যন্ত যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এরপর তার কাছে সম্পদ বুঝিয়ে দিতে হবে।

শরিয়তের এ বিধান অনুযায়ী ইয়াতীমের নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত খরচ করা কিংবা তার সম্পদ থেকে অন্য ওয়ারিশদের জন্য ব্যয় করা বৈধ নয়। একইভাবে ইয়াতীমের সম্পদ থেকে দান-খয়রাত করা, মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে গরিব-মিসকিনদের খাওয়ানো, সংসারের প্রয়োজন মেটানো কিংবা মেহমানদারি করাও জায়েজ নয়। এগুলো ইয়াতীমের সম্পদ অবৈধভাবে ভোগ করার শামিল।

পবিত্র কুরআনে এ ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে—

“নিশ্চয়ই যারা ইয়াতীমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা নিজেদের পেটে আগুনই ভক্ষণ করে। আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।” (সূরা আন-নিসা, আয়াত ১০)

সুতরাং, এ ধরনের মারাত্মক গুনাহ থেকে বাঁচার জন্য শুরু থেকেই ইয়াতীমের সম্পদ অন্যদের সম্পদ থেকে পৃথক রাখা এবং তার আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করা অপরিহার্য।

ইয়াতীমের নিজস্ব প্রয়োজন ছাড়া অন্য সব খরচ বড় ভাই বা তার মা নিজেদের সম্পদ থেকে বহন করবেন। আর ইয়াতীমের প্রয়োজনীয় খরচ বাদে তার সম্পদ থেকে যা অবশিষ্ট থাকবে, তা যথাযথভাবে সংরক্ষণ করবেন।

সূত্র:কিফায়াতুল মুফতী, ৮/১৮৭, বেহেশতী জেওর, ৭/৪২ ও ২/২২৩।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল