আমার বড় ছেলে ১৮ বছর বয়সে আমাকে পিতা বলে স্বীকার না করে বাড়ি থেকে চলে যায়। তাছাড়া সে আমার অবাধ্য এবং বিভিন্নভাবে আমাকে কষ্ট দেয়। তাই ন্যায়সংগত কারণে আমি তার ওপর অসন্তুষ্ট। এমতাবস্থায় আমার সম্পত্তির অধিকাংশ ছোট দুই ছেলেকে স্বেচ্ছায় দান করে দিতে চাই এবং কিছু অংশ সবার জন্য রেখে দিতে চাই। বড় ছেলেকে ছোট দুই ছেলের সমপরিমাণ সম্পত্তি না দিলে কোনো অসুবিধা হবে কি? এ বিষয়ে শরিয়তের বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

বর্ণনা অনুযায়ী, বড় ছেলে যদি সত্যিই আপনার অবাধ্য হয়, আপনাকে পিতা হিসেবে স্বীকার করতে অস্বীকার করে কিংবা বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে, তাহলে জীবদ্দশায় সম্পত্তি হেবা করার ক্ষেত্রে তাকে অন্যদের তুলনায় কম দেওয়া বা না দেওয়ার অবকাশ রয়েছে।

তবে আপনি জীবদ্দশায় সম্পত্তি বণ্টন না করে গেলে আপনার মৃত্যুর পর সে অন্যান্য ওয়ারিশের মতোই শরিয়ত নির্ধারিত অংশ পাবে। তাকে ত্যাজ্য ঘোষণা করলেও উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

উল্লেখ্য, কোনো সন্তান অবাধ্য না হলে কিংবা অন্য কোনো শরয়ি কারণ না থাকলে সব সন্তানকে সমানভাবে সম্পত্তি দেওয়া উচিত।

সূত্র:ইমদাদুল ফাতাওয়া, ৩/৪৭০, ফাতাওয়ায়ে রহিমিয়া, ২/২৫৯, আল-বাহরুর রায়িক, ৭/২৮৮।

 

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল