জীবিত অবস্থায় কোনো ব্যক্তি কি তাঁর ওয়ারিশদের মধ্যে সম্পদ বণ্টন করতে পারবেন?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সম্পদ বণ্টনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ ব্যাপারে ভুল করলে কিংবা কোনো ওয়ারিশের অধিকার নষ্ট করলে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। তাই সম্পদ বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি।

জীবদ্দশায় সম্পদ বণ্টন করা শরিয়তের দৃষ্টিতে উত্তরাধিকার বণ্টন নয়; বরং তা হেবা হিসেবে গণ্য হয়। একান্ত প্রয়োজনের কারণে ছেলে-মেয়েদের মধ্যে হেবা হিসেবে সম্পদ বণ্টন করতে হলে সবাইকে সমানভাবে দেওয়া উচিত। ছেলে-মেয়ের মধ্যে কম-বেশি করা উচিত নয়। একইভাবে স্বামী সম্পদ বণ্টন করতে চাইলে স্ত্রীকেও সন্তানের সমপরিমাণ দিতে হবে। স্ত্রী সম্পদ বণ্টন করতে চাইলে স্বামীকেও সন্তানের সমপরিমাণ দিতে হবে।

তবে শরয়ি কোনো ওজর বা যুক্তিসংগত কারণ থাকলে কাউকে বেশি দেওয়া কিংবা কম দেওয়ার অবকাশ রয়েছে। যেমন—

  • কোনো সন্তান শারীরিক প্রতিবন্ধকতার কারণে উপার্জন করতে অক্ষম হলে তার প্রয়োজন অনুযায়ী বেশি দেওয়া যেতে পারে।
  • কোনো ছোট সন্তানকে পড়াশোনা করানো, বিয়ে দেওয়া বা প্রয়োজনীয় ব্যবস্থা করা না হলে তাকে অতিরিক্ত দেওয়া যেতে পারে।
  • কোনো সন্তান চরম অবাধ্য ও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলে এবং তার হাতে সম্পদ গেলে নাফরমানি আরও বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকলে তাকে প্রয়োজনীয় খরচের পরিমাণ দেওয়া এবং অন্যদের তুলনায় কম দেওয়া যেতে পারে।

এ ধরনের শরয়ি কারণ না থাকলে সব সন্তানকে সমানভাবে দেওয়া উচিত।

বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায়, পিতা জীবদ্দশায় শুধু ছেলেদের সম্পত্তি দেন, মেয়েদের দেন না। আবার কেউ কেউ মেয়েদের দিলেও ছেলেদের তুলনায় কম দেন। এটি জুলুম ও অন্যায়।

অনেকে মনে করেন, মেয়েদের বুঝিয়ে-শুনিয়ে তাদের অংশ ছেড়ে দিতে বললেই হবে। কিন্তু এভাবে মেয়েদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা ঠিক নয়। ছেলে ও মেয়ে উভয়ই পিতার সন্তান। মেয়েকে বিয়ে দেওয়ার পরও তার প্রতি পিতা-মাতার দায়িত্ব শেষ হয়ে যায় না।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল