আমাদের মা তাঁর নিজস্ব সম্পত্তি আমাদের সহোদর তিন ভাইকে দান করে দিয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আমরা সবাই উক্ত জমি ভোগ করে আসছিলাম। পরবর্তীতে বড় ভাইয়ের অবাধ্যতা ও মায়ের ভরণ-পোষণ না দেওয়ার কারণে মা আদালতের মাধ্যমে তাঁর দেওয়া সম্পত্তি ফিরিয়ে নেন। মা তাঁকে বহুবার সতর্ক করলেও সে কোনো কর্ণপাত করেনি। অতঃপর মা আমাদের দুই ভাইয়ের নামে তাঁর জমি লিখে দেন। তখন থেকে আমরা উক্ত জমি ভোগ করে আসছি।জানার বিষয় হলো:মা জীবিত থাকাবস্থায় এ বিষয়ে বড় ভাইয়ের সঙ্গে মামলা-মোকদ্দমা হয় এবং ওই মামলায় বড় ভাই পরাজিত হন। এমতাবস্থায় আমাদের দুই ভাইয়ের নামে মায়ের জমি লিখে দেওয়া এবং আমাদের তা ভোগ করা বৈধ কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি জীবদ্দশায় নিজের সম্পত্তি সন্তানদের মধ্যে বণ্টন করতে চাইলে তা মিরাস নয়; বরং হেবা হিসেবে গণ্য হবে। হেবার ক্ষেত্রে ছেলে-মেয়ে সবাইকে সমানভাবে দেওয়া উচিত। কোনো শরয়ি কারণ ছাড়া কাউকে কম এবং কাউকে বেশি দেওয়া ঠিক নয়।
তবে কোনো সন্তান দ্বীনদার না হলে এবং পিতা-মাতার অবাধ্য হলে, বিশেষ পরিস্থিতিতে তাকে সম্পত্তি না দেওয়ার অবকাশ রয়েছে। কিন্তু সন্তানদের দ্বীনদারি ও কর্মক্ষমতা সমান হলে কাউকে কম বা কাউকে বেশি দেওয়া উচিত নয়। সম্মিলিত বা অবিভক্ত সম্পত্তি হেবা সহিহ হওয়ার জন্য শর্ত হলো, যাকে যে পরিমাণ দেওয়ার ইচ্ছা করা হবে, তা পৃথক করে সম্পূর্ণরূপে তার মালিকানায় ও দখলে বুঝিয়ে দিতে হবে।
অতএব, বর্ণনা অনুযায়ী আপনার মাতা যদি শরিয়তসম্মত শর্ত পূরণ করে স্বেচ্ছায় হেবা করে থাকেন, তাহলে তাঁর হেবা সহিহ হয়েছে এবং আপনারা তিন ভাই উক্ত সম্পত্তির মালিক হয়েছেন। হেবা সম্পন্ন হওয়ার পর তা পুনরায় ফিরিয়ে নেওয়া বৈধ নয়। সুতরাং, পরবর্তীতে বড় ভাইয়ের অংশ ফিরিয়ে নিয়ে আপনাদের দুই ভাইকে দেওয়া জায়েজ হয়নি। এ কাজের মাধ্যমে আপনার মাতা গুনাহের কাজ করেছেন। তাই মাকে এ দায় থেকে মুক্ত করার জন্য আপনাদের দুই ভাইয়ের কর্তব্য হলো, বড় ভাইয়ের প্রাপ্য অংশ তাঁকে ফিরিয়ে দেওয়া। কেননা, তাঁর অংশের সম্পত্তি ভোগ করা আপনাদের জন্য বৈধ হবে না।
তবে বড় ভাইয়ের জন্য মায়ের সঙ্গে এমন অবাধ্য ও দুর্ব্যবহার করা মোটেও ঠিক হয়নি; বরং তিনি মারাত্মক গুনাহ করেছেন। এজন্য তাঁর উচিত আল্লাহর কাছে তাওবা করা, মায়ের জন্য দান-খয়রাত করে সওয়াব পৌঁছানো এবং তাঁর জন্য দোয়া করা।
সূত্র:আদ-দুররুল মুখতার, ৫/৭০৪, খুলাসাতুল ফাতাওয়া, ৪/৪০০, আল-বাহরুর রায়িক, ৭/২৮৮, আহসানুল ফাতাওয়া, ৭/২৫৪।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল