রহিমা নামের এক ভদ্রমহিলা রমজান নামের একজন ইয়াতীম ছেলেকে পালকপুত্র হিসেবে নিজের কাছে রাখেন। পালকপুত্র হিসেবে গ্রহণ করার সময় এফিডেভিটের মাধ্যমে অঙ্গীকার করেন যে, রহিমা রমজানকে নিজের সন্তানের মতো লালন-পালন করবেন এবং সে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির অংশীদার হবে। উল্লেখ্য, রহিমার আরও চারটি সন্তান রয়েছে এবং তিনি এখনো রমজানকে লালন-পালন করছেন।এখন আমার প্রশ্ন হলো: (ক) রমজান কি রহিমা অথবা তাঁর স্বামীর স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হবে? হলে কতটুকু সম্পত্তির মালিক হবে? আর মালিক না হলে কেন হবে না? (খ) রমজান নিজে উপার্জন করে ধন-সম্পদের মালিক হলে রহিমা বা তাঁর পরিবারের সদস্যরা কি তার সম্পত্তির অংশ পাবেন? (গ) রহিমার ভাতিজির সঙ্গে রমজানের বিবাহ বৈধ হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

শরিয়তের দৃষ্টিতে-

(ক) পালকপুত্র মিরাস তথা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হয় না। সুতরাং, রহিমা বা তাঁর স্বামীর সম্পত্তির ওয়ারিশ কিংবা অংশীদার রমজান হবে না।

(খ)  তেমনিভাবে রহিমা বা তাঁর পরিবারের সদস্যরাও রমজানের নিজস্ব সম্পত্তির উত্তরাধিকারী হবেন না।

(গ)  পবিত্র কুরআনে যাদের সঙ্গে বিবাহ হারাম ঘোষণা করা হয়েছে, পালকপুত্র তাঁদের অন্তর্ভুক্ত নয়। তাই রমজানকে পুত্র হিসেবে লালন-পালন করা হলেও সে রহিমার জন্য গায়রে মাহরাম তথা পরপুরুষ হিসেবে গণ্য হবে।রমজানের সঙ্গে রহিমার ভাতিজির বিবাহ বৈধ। এমনকি রহিমার স্বামী মারা গেলে অথবা তাঁকে তালাক দিলে রহিমার সঙ্গেও রমজানের বিবাহ বৈধ হবে—যদি বিবাহের অন্য কোনো শরয়ি প্রতিবন্ধকতা না থাকে। সুতরাং, রমজান প্রাপ্তবয়স্ক হলে রহিমা ও রমজান উভয়ের জন্য পর্দা করা ফরজ।

সূত্র:সিরাজী, পৃষ্ঠা ৬ ও ২৭, সূরা আল-আহযাব, আয়াত ৪, সূরা আন-নিসা, আয়াত ২৪।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল