প্রশ্ন:পিতা-মাতাসহ আমরা আট ভাই-বোন স্বল্প আয়তনের একটি বাড়িতে বসবাস করতাম। পিতা-মাতা জীবিত থাকাবস্থায় আমাদের বড় ভাইয়ের বিয়ে হয়। তখন পিতা বড় ভাইকে বাড়ির পাশে খালি জায়গায় নতুন করে ঘর নির্মাণ করে থাকার ব্যবস্থা করে দেন।এভাবে চার-পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর আমার পিতা ইন্তেকাল করেন। এরপর আরও দুই-তিন বছর অতিবাহিত হলে বড় ভাই পিতার দেওয়া ওই জায়গাকে নিজের সম্পত্তি বলে দাবি করেন। তাঁর বক্তব্য হলো, পিতা তাঁকে জায়গাটুকু দান করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, পিতা প্রদত্ত বড় ভাইয়ের থাকার জায়গায় কি আমরা সবাই অংশ পাব? যদি না পাই, তাহলে অবশিষ্ট পৈতৃক সম্পদ থেকে বড় ভাই কি অন্যদের তুলনায় কম পাবেন?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত অবস্থায় আপনার পিতা যদি বড় ভাইকে ঘরের জায়গাটুকু হেবা করে দিয়ে থাকেন এবং এ বিষয়ে শরিয়তসম্মত প্রমাণাদি থাকে, তাহলে উক্ত জায়গার একক মালিকানা আপনার বড় ভাইয়ের হবে। এতে আপনাদের অন্য কারও অংশীদারত্ব থাকবে না।তবে এমনটি হয়ে থাকলে আপনার পিতার উচিত ছিল, প্রত্যেক সন্তানকে আলাদাভাবে সমপরিমাণ জায়গা হেবা করে দেওয়া।
আর যদি পিতা বড় ভাইকে জায়গাটুকুর মালিকানা বুঝিয়ে না দিয়ে শুধু সাময়িকভাবে বসবাসের জন্য দিয়ে থাকেন, তাহলে ওই জায়গায় আপনাদের সবার অংশ অবশিষ্ট থাকবে। অর্থাৎ, আপনার বড় ভাই এককভাবে এর মালিক হবেন না।
সুতরাং, জায়গাটি হেবা করা হয়ে থাকলে বড় ভাইয়ের মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং তিনি অবশিষ্ট সম্পদে অন্যদের মতোই তাঁর প্রাপ্য অংশ পাবেন। আর যদি শুধু ব্যবহারের জন্য দেওয়া হয়ে থাকে, তাহলে উক্ত জায়গাসহ অবশিষ্ট সম্পদ সব ওয়ারিশের মধ্যে শরিয়ত নির্ধারিত হারে বণ্টিত হবে।
সূত্র:হেদায়া, ৩/২৩৭, দুররুল মুখতার, ৪/৫৬৯, ফাতাওয়ায়ে রহিমিয়া, ৯/২৮৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল