প্রশ্ন:বড় ভাই ছাড়া আমরা অন্যান্য ভাই-বোন অপ্রাপ্তবয়স্ক থাকাবস্থায় আমার পিতা একটি গুদামঘর ক্রয় করেন। সরকার কর্তৃক বিশেষ নিষেধাজ্ঞার কারণে উক্ত গুদামঘর নিজের নামে দলিল না করে প্রাপ্তবয়স্ক হিসেবে আমার বড় ভাইয়ের নামে দলিল ও রেজিস্ট্রি করেন। কিন্তু পিতা জীবিত থাকাকালে কোনো দিনই উক্ত গুদামঘরের মালিকানা বড় ভাইকে বুঝিয়ে দেননি। বরং পিতা জীবিত থাকা পর্যন্ত ঘরটি তাঁর দখলেই ছিল এবং এর আয়-ব্যয়ও তিনিই সংরক্ষণ করতেন।
এমতাবস্থায় পিতার মৃত্যুর কিছুদিন পর বড় ভাই দাবি করছেন, গুদামঘরটি পিতা তাঁর নামে ক্রয় করেছিলেন। তাই এটি তাঁর একক সম্পত্তি; এতে অন্য কারও কোনো অংশ নেই। প্রশ্ন হলো, শরিয়ত অনুযায়ী তাঁর এই দাবি কি সঠিক?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত অবস্থায় বিশেষ কোনো কারণে বড় ছেলের নামে শুধু দলিলপত্র করার মাধ্যমে উক্ত গুদাম ঘরে তাঁর মালিকানা প্রতিষ্ঠিত হবে না। কেননা, পিতা তাঁকে সম্পদের মালিকানা বুঝিয়ে দেননি; বরং সম্পদটি তাঁর নিজের দখলেই রেখেছিলেন।
সুতরাং, পিতার মৃত্যুর পর উক্ত গুদামঘর তাঁর রেখে যাওয়া সম্পদ হিসেবে গণ্য হবে এবং সকল ওয়ারিশের মধ্যে শরিয়ত নির্ধারিত হারে বণ্টন করতে হবে।
সূত্র:রদ্দুল মুহতার, ৪/২৭৩, ফাতাওয়ায়ে রহিমিয়া, ৯/২৮৬, ইমদাদুল ফাতাওয়া, ৩/১৭।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল