প্রশ্ন:আমরা বাবা-চাচাদের সঙ্গে দাদার রেখে যাওয়া বাড়িতে বণ্টনবিহীন অবস্থায় একত্রে বসবাস করতাম। বাড়ির আয়তন অনেক বড় হওয়ায় আলাদা করে বণ্টন করা হয়নি। সুবিধামতো পিতা ও চাচারা জায়গা বণ্টন না করেই ঘর নির্মাণ করে বসবাস করতে থাকেন।

আমার বড় চাচা চিরকুমার ছিলেন। বিভিন্ন কারণে তিনি জীবনে বিয়ে করার ইচ্ছা পরিত্যাগ করেছিলেন। মৃত্যুর পূর্বে পৈতৃক বাড়িতে তাঁর অংশটুকু আমাকে হেবা করে যান। এ কারণে আমার অন্যান্য ভাই-বোন ও চাচাতো ভাইয়েরা মনঃক্ষুণ্ন হন। একপর্যায়ে তাঁরা বড় চাচার অংশটুকুতে নিজেদের অধিকার দাবি করেন। প্রশ্ন হলো, চাচার হেবাকৃত উক্ত সম্পদে কি অন্য ওয়ারিশেরা অংশ পাবেন?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, আপনার নিঃসন্তান চাচা নিজের অংশ পৃথক করে তার মালিকানা আপনাকে বুঝিয়ে না দিয়ে হেবা করে থাকলে তা শরিয়ত অনুযায়ী কার্যকর হবে না। কেননা, হেবা কার্যকর হওয়ার অন্যতম শর্ত হলো, হেবাকৃত সম্পদ অংশীদারমুক্ত করে এর মালিকানা হেবা গ্রহীতাকে বুঝিয়ে দেওয়া। অন্যথায় উক্ত হেবা বাতিল বলে গণ্য হবে।

সুতরাং, আপনার চাচার করা হেবা শরিয়ত অনুযায়ী কার্যকর না হওয়ায় তাঁর মৃত্যুর পর তাঁর অংশে আপনিসহ অন্যান্য সকল ওয়ারিশ শরিয়ত নির্ধারিত হারে অংশীদার হবেন।

সূত্র:হেদায়া, ৩/২৩৭, রদ্দুল মুহতার, ৪/৫৬৯, ফাতাওয়ায়ে রহিমিয়া, ৯/২৯৩।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল