আমার পিতা মৃত্যুর পূর্বে আমার দুই ফুফুর জন্য পৃথকভাবে এ মর্মে অসিয়ত করে গিয়েছিলেন যে, তাঁর মৃত্যুর পর যখন আমরা ভাই-বোনদের মধ্যে তাঁর সম্পদ বণ্টন করব, তখন তাঁর দুই বোনকে পাঁচ কাঠা করে জমি দিয়ে দেব। এখন আমরা ভাই-বোনেরা পৈতৃক জমি বণ্টন করতে যাচ্ছি। এমতাবস্থায় পিতার অসিয়ত অনুযায়ী দুই ফুফুকে পুরো পাঁচ কাঠা করে জমি দিতে হবে, নাকি আমাদের সবার পরামর্শ ও ইচ্ছা অনুযায়ী কম-বেশি দিলেও চলবে?

 

নিবেদেক: আরমান সাদী

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, আপনার পিতার উভয় অসিয়তই তাঁর সমুদয় সম্পদের এক-তৃতীয়াংশের মধ্যে কার্যকর হবে।

সুতরাং, আপনার দুই ফুফুর জন্য অসিয়তকৃত পাঁচ কাঠা করে মোট দশ কাঠা জমি যদি আপনার পিতার মোট সম্পদের এক-তৃতীয়াংশের সমান বা তার চেয়ে কম হয়, তাহলে দুই ফুফুকে পাঁচ কাঠা করে মোট দশ কাঠা জমিই দিতে হবে।

আর যদি উক্ত দশ কাঠা জমির মূল্য বা পরিমাণ মোট সম্পদের এক-তৃতীয়াংশের বেশি হয়, তাহলে মোট সম্পদের এক-তৃতীয়াংশ সমপরিমাণ সম্পদ দুই ফুফুর মধ্যে সমানভাবে বণ্টন করতে হবে।

সূত্র:দুররুল মুখতার, ৫/৪৭২।আয়িযুল ফাতাওয়া, ২/৭৬৭।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল