আলেমদের মুখে শুনি, ঘুষ গ্রহণ ও প্রদান উভয়ই হারাম। কিন্তু বর্তমানে বাংলাদেশসহ অন্যান্য স্থানেও ঘুষের কালো হাত থেকে বাঁচা কঠিন। আমি একজন ঠিকাদার। ঘুষ না খেলেও কমপক্ষে দুই লাখ টাকার বিল পাশ করাতে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়। অন্যথায় ছয় মাস থেকে এক বছরেও বিল পাশ করানো সম্ভব হয় না। এমতাবস্থায় আমার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দেওয়া জায়েজ হবে কি? যদি জায়েজ না হয়, তাহলে এ পরিস্থিতিতে ইসলামসম্মতভাবে জীবিকা নির্বাহের উপায় কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদ-ঘুষ গ্রহণ করা হারাম। কোনো অবস্থাতেই ঘুষ গ্রহণ বৈধ নয়। তেমনিভাবে সুদ-ঘুষ প্রদান করাও হারাম। তবে বিশেষ অপারগতার ক্ষেত্রে জান-মাল, ইজ্জত-আব্রু কিংবা অন্য কোনো ন্যায্য অধিকার আদায়ের জন্য এবং নিজের ওপর থেকে জুলুম দূর করার উদ্দেশ্যে ঘুষ প্রদানের অনুমতি রয়েছে। এমন ক্ষেত্রে ঘুষদাতা গুনাহগার হবে না; কিন্তু ঘুষগ্রহীতা গুনাহগার হবে। ঘুষের অর্থ ঘুষগ্রহীতার জন্য সর্বাবস্থায় হারাম।

তবে কাজ যথাযথভাবে সম্পন্ন না করে অহেতুক অতিরিক্ত বিল তৈরি করলে এবং সেই বিল পাশ করানোর জন্য ঘুষ দিতে হলে তা প্রদান করা জায়েজ হবে না।

সুতরাং, প্রশ্নকারী যদি ঘুষ এড়িয়ে অন্য কোনো হালাল উপায়ে তাঁর বিল পাশ করানোর ব্যবস্থা করতে পারেন, তাহলে তাঁর জন্য ঘুষ দিয়ে বিল পাশ করানো জায়েজ হবে না। আর যদি অন্য কোনো হালাল উপায়ে ন্যায্য বিল পাশ করানোর ব্যবস্থা সম্ভব না হয়, তাহলে নিজের ন্যায্য অধিকার আদায়ের জন্য ঘুষ দিতে পারবেন।

তবে প্রশ্নে বর্ণিত পরিস্থিতিতে যদি সাধারণত ঘুষ ছাড়া বিল পাশ করানো সম্ভব না হয়, তাহলে সম্ভব হলে ধরনের কাজ পরিহার করে অন্য কোনো হালাল ব্যবসা বা পেশা অন্বেষণ করে জীবিকা নির্বাহের চেষ্টা করা বাঞ্ছনীয়।

সূত্র:আল-বাহরুর রায়িক, ৬/৪৪।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল