প্রশ্ন: আমি ১৯৯৩ ইংরেজি সালে মাস্টার্স পাস করেছি। পাস করার পর থেকে আজ পর্যন্ত একটি চাকরির জন্য অত্যন্ত চেষ্টা করে আসছি। কিন্তু সোজা পথে চাকরি হচ্ছে না। কমপক্ষে ২৫–৩০টি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেও চাকরি হয়নি। আমার পেছনে কোনো লোক নেই, কোনো প্রভাব খাটানোরও সুযোগ নেই। অথচ অবৈধ পথ অবলম্বন করলেই চাকরি হয়ে যায়।

এদিকে চাকরির বয়স আর মাত্র আট মাস বাকি। অপরদিকে আমার চাকরিটি অত্যন্ত প্রয়োজন। এমতাবস্থায় ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করা জায়েজ হবে কি? অথবা প্রতারণার আশ্রয় নিয়ে চাকরি গ্রহণ করা ঠিক হবে কি? কিংবা কোনো নারীকে বিয়ে করে চাকরি নেওয়া বৈধ হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদ-ঘুষ গ্রহণ করা যেমন হারাম, তেমনিভাবে সুদ-ঘুষ প্রদান করাও হারাম। তবে বিশেষ অপারগতার ক্ষেত্রে জান-মাল বা অন্য কোনো ন্যায্য অধিকার আদায় কিংবা জুলুম-অত্যাচার থেকে বাঁচার জন্য শরিয়তে ঘুষ প্রদানের অনুমতি রয়েছে। এমন ক্ষেত্রে ঘুষদাতা গুনাহগার হবে না; কিন্তু ঘুষগ্রহীতা গুনাহগার হবে। কারণ, ঘুষ গ্রহণ কোনো অবস্থাতেই বৈধ নয়।

সুতরাং, ঘুষ এড়িয়ে অন্য কোনো হালাল উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করা সম্ভব হলে ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি ঘুষ ছাড়া হালাল উপার্জনের কোনো ব্যবস্থা করা সম্ভব না হয়, তাহলে ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করা জায়েজ হবে। যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত শর্তানুযায়ী চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা তার মধ্যে বিদ্যমান থাকে। তবে নিজের অযোগ্যতা গোপন করার জন্য ঘুষ দেওয়া কিংবা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া জায়েজ নয়।

আর কোনো দ্বীনদার নারীকে বিয়ে করার মাধ্যমে হালাল চাকরির ব্যবস্থা হলে তাকে বিয়ে করে চাকরি নেওয়া বৈধ। তবে শুধু চাকরি পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করা উচিত নয়; বরং শরিয়তের নির্দেশনা অনুযায়ী নিজের পবিত্রতা রক্ষার নিয়তে দ্বীনদার নারীকে বিয়ে করা উচিত। চাকরির লোভে দ্বীনদার নয়, এমন বেপর্দা নারীকে বিয়ে করা ঠিক হবে না। কেননা, এর মাধ্যমে কিছু অর্থের ব্যবস্থা হলেও নিজের দ্বীনদারি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একজন মুসলমানের কাছে তার দ্বীনদারি সবকিছুর ঊর্ধ্বে।

সূত্র: বাহরুর রায়েক: ৬/৪৪১

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল