প্রশ্ন:ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করা কতটুকু গুনাহের কাজ? যে ঘুষ দিয়েছে এবং যে ঘুষ গ্রহণ করেছে, তাদের উভয়ের গুনাহ কি সমান হবে? আর ঘুষ প্রদানের ব্যাপারে যে ব্যক্তি সহযোগিতা করেছে, তার গুনাহ কতটুকু?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ঘুষ গ্রহণ করা সর্বাবস্থায় হারাম ও কবিরা গুনাহ। সাধারণ অবস্থায় ঘুষ প্রদান করাও হারাম ও কবিরা গুনাহ। তবে জান-মাল ও ইজ্জত রক্ষা কিংবা নিজের বৈধ অধিকার আদায়ের জন্য একান্ত অপারগ অবস্থায় ঘুষ প্রদানের অবকাশ রয়েছে। এ ক্ষেত্রে ঘুষদাতা গুনাহগার হবে না; কিন্তু ঘুষগ্রহীতা সর্বাবস্থায় গুনাহগার হবে।
ঘুষ দিয়ে চাকরি গ্রহণের ক্ষেত্রে শরয়ি বিধান হলো—
১. আবেদনকারীর আর্থিক অবস্থা অসচ্ছল হতে হবে এবং আর্থিক সংকটের কারণে চাকরিটি তাঁর জন্য অত্যাবশ্যক হতে হবে।
২. ঘুষ প্রদান ছাড়া চাকরি পাওয়ার অন্য কোনো বৈধ উপায় থাকতে পারবে না।
৩. আবেদনকারীর সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনের যথাযথ যোগ্যতা থাকতে হবে।
উপরোক্ত শর্তগুলো পাওয়া গেলে নিজের বৈধ অধিকার আদায়ের জন্য একান্ত অপারগ অবস্থায় ঘুষ প্রদান করে চাকরি গ্রহণের অবকাশ রয়েছে। এ ক্ষেত্রে ঘুষদাতা গুনাহগার হবেন না; তবে ঘুষগ্রহীতা মারাত্মক গুনাহে লিপ্ত হবে।
আর এসব শর্ত পাওয়া না গেলে ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করা জায়েজ হবে না।
অতএব:ঘুষ গ্রহণ করা সর্বাবস্থায় হারাম। আর ঘুষ প্রদান কেবল শরিয়তস্বীকৃত অপারগতায় বৈধ অধিকার রক্ষার জন্য সীমিত পরিসরে ক্ষমাযোগ্য হতে পারে।
রেফারেন্স:জামে তিরমিযি, ১/২৪৮; সুনানে ইবনে মাজাহ, পৃ. ১৬৭।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল