প্রশ্ন:কোনো ব্যক্তি বা ব্যাংক কাউকে বাড়ি নির্মাণের জন্য এ শর্তে ঋণ দিল যে, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণের জন্য যে পরিমাণ টাকা ঋণ দেওয়া হবে, ঠিক সেই পরিমাণ টাকাই ফেরত দিতে হবে। তবে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে প্রাপ্ত ভাড়ার একটি নির্দিষ্ট অংশ ঋণদাতাকে দিতে হবে। এভাবে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করা জায়েজ হবে কি? আর বাড়িভাড়া থেকে নির্দিষ্ট অংশ দেওয়া সুদ হিসেবে গণ্য হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নে বর্ণিত চুক্তিটি মূলত ঋণ বা করজের চুক্তি। আর ঋণ দিয়ে অতিরিক্ত সুবিধা গ্রহণ করা সুদ। তাই ঋণদাতার জন্য ঋণের মূল টাকা ফেরত নেওয়ার পাশাপাশি বাড়িভাড়ার একটি নির্দিষ্ট অংশ গ্রহণ করা জায়েজ হবে না।
রাসুলুল্লাহ ﷺ-এর হাদিস ও ফিকহি মূলনীতি অনুযায়ী, ঋণের বিপরীতে শর্তসাপেক্ষে কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করা সুদের অন্তর্ভুক্ত। সুতরাং, ঋণদাতা মূল টাকার অতিরিক্ত কিছু গ্রহণ করতে পারবেন না এবং ঋণগ্রহীতাও অতিরিক্ত কিছু দিতে পারবেন না।
তবে শরিয়তসম্মত পদ্ধতিতে এ লেনদেন করতে চাইলে ঋণদাতা নিজে নির্মাণসামগ্রী ক্রয় করে তা নির্ধারিত মুনাফাসহ বাকিতে বাড়ি নির্মাণকারীর কাছে বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে পণ্য ক্রয়-বিক্রয়ের সব শর্ত যথাযথভাবে পালন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে।
সূত্র: বাদায়েউস সানায়ে, ৭/৩৯৫; ইমদাদুল মুফতিন, পৃ. ৮৫৯; আল-বাহরুর রায়েক, ৬/১১৪।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল