প্রশ্ন:কোনো ব্যক্তি ব্যভিচারের শাস্তির পরিবর্তে আর্থিক জরিমানা হিসেবে প্রতি বেত্রাঘাতের পরিবর্তে ১০ টাকা করে প্রদান করেছেন। পরবর্তী সময়ে ওই টাকা সুদে বিনিয়োগ করা হয়েছে। এখন সেই টাকা কী কাজে ব্যবহার করা যাবে? গ্রামের একদল লোক বলছেন, এ টাকা দিয়ে ডেকোরেটরের জিনিসপত্র কিনে জনগণের স্বার্থে ভাড়া দেওয়া হবে। অন্য দল বলছেন, এ টাকা দিয়ে মাদ্রাসার ইস্তিঞ্জাখানা নির্মাণ করা হবে। শরিয়তের দৃষ্টিতে সঠিক সমাধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, হানাফি মাযহাব অনুযায়ী, কোনো অন্যায়ের কারণে আর্থিক জরিমানা আদায় করা সাধারণভাবে জায়েজ নয়। কোথাও এভাবে জরিমানা আদায় করা হলে তা প্রকৃত মালিককে ফেরত দেওয়া ওয়াজিব। কেননা, এ অর্থের মালিক সেই ব্যক্তি, যার কাছ থেকে তা আদায় করা হয়েছে।

হাদিস শরিফে এসেছে—

لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ

অর্থ: কোনো মুসলমানের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া অন্যের জন্য হালাল নয়।

তাছাড়া জরিমানার অর্থ সুদে বিনিয়োগ করাও আরেকটি হারাম কাজ। সুতরাং, প্রথমে অন্যায়ভাবে জরিমানা আদায় করা এবং পরে সেই টাকা সুদে বিনিয়োগ করা—উভয়টিই শরিয়তবিরোধী।

অতএব, সুদ থেকে অর্জিত অতিরিক্ত টাকা নিজের কোনো কাজে ব্যবহার করা যাবে না। সম্ভব হলে ওই টাকা প্রকৃত মালিককে ফেরত দিতে হবে। আর মালিককে পাওয়া না গেলে সওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মধ্যে বিতরণ করতে হবে অথবা মসজিদ-মাদ্রাসার ইস্তিঞ্জাখানা নির্মাণের মতো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যেতে পারে। তবে সুদের টাকা দিয়ে ডেকোরেটরের জিনিসপত্র ক্রয় করে ব্যবসা পরিচালনা করা জায়েজ হবে না।

সূত্র: রদ্দুল মুহতার, ৪/৬১; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৫/১৮৪; ইমদাদুল ফাতাওয়া, ৪/৩৭২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল