নাটকে মিথ্যা নাম-পরিচয়ে ইজাব-কবুল করলে বাস্তবে বিয়ে হয় কি?
নাটকে যেই নামে ইজাব কবুল করা হয়, সেটা পাত্র পাত্রীর আসল নাম নয়, এবং তাদের বাবার নাম এবং পরিচয় সবই থাকে মিথ্যা, সেই হিসেবে তো বাস্তবে তাদের বিবাহ শুদ্ধ হয় না।আমার ধারণাটি কতটুকু সঠিক?
নিবেদক: মোহাম্মদ সাব্বির হোসেন
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে বিবাহের মূল কারণ ইজাব-কবুল। ফলে দুই সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল করার দ্বারা সকল শর্তের সাথে বিবাহ সংঘটিত হয়ে যায়। চাই তা হাসিঠাট্টা বা অভিনয়ের প্রেক্ষিতে হোক না কেন।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে নাটক বা সিনেমায় অভিনয়ের সময় পাত্র-পাত্রী যদি সরাসরি উপস্থিত থেকে কমপক্ষে দুজন সাক্ষীর সামনে (ক্যামেরাম্যান, পরিচালক বা সহ-অভিনেতা) বিয়ের ইজাব ও কবুল উচ্চারণ করেন, তবে শরয়ি দৃষ্টিকোণ থেকে তাদের বাস্তবেই বিবাহ সংঘটিত হয়ে যাবে। পাত্র-পাত্রী (নায়ক-নায়িকা) সরাসরি উপস্থিত থাকার কারণে কাল্পনিক নাম বা বাবার নাম বলার কারণে সেই বিয়ে বাতিল হবে না।
কারণঃ হাদীস শরীফে এসেছে:
হাসি-ঠাট্টা করে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহের প্রস্তাব করা এবং কবুল বলার দ্বারাও বিবাহ হয়ে যায়। তিরমিযী শরীফের এক বর্ণনায় এসেছে হযরত আবু হুরায়রা রা. বলেন-
ثَلَاثٌ جِدّهُنّ جِدّ وَهَزْلُهُنّ جِدّ: النِّكَاحُ وَالطّلَاقُ وَالرّجْعَةُ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় এমন, যা স্বাভাবিকভাবে করলেও কার্যকর হয় এবং ঠাট্টাচ্ছলে করলেও কার্যকর হয়। ১. নিকাহ। ২. তালাক এবং ৩. তালাক (রাজয়ী) দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নেয়া।
(জামে তিরমিযী, হাদীস ১১৮৪)
বি: দ্র: ইসলামে বিবাহ একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ইবাদত এবং চুক্তি। নিছক বিনোদন বা অভিনয়ের জন্য বিয়ের মতো বিষয়কে ব্যবহার করা অন্যায়। গুনাহের কাজ।এ থেকে বিরত থাকা আবশ্যক।
তবে নাটকে অনেক সময় শুধু দৃশ্য দেখানো হয়। কিন্তু পাত্র-পাত্রী মুখে স্পষ্টভাবে কবুল বা সম্মতিসূচক বাক্য উচ্চারণ করে না। সে ক্ষেত্রে বিয়ে হবে না।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল