প্রশ্ন:আমার মা সুদ গ্রহণ করেন। আমি তাঁকে অনেকবার সুদের ভয়াবহতা সম্পর্কে বুঝিয়েছি; কিন্তু তিনি তা থেকে বিরত হচ্ছেন না। এ কারণে রাগ করে কয়েকবার বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছি। এতে মা আমার ওপর রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এখন মাকে খুশি করার জন্য তাঁর বাড়িতে খাওয়া-দাওয়া করতে পারব কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, পিতা-মাতার আনুগত্য করা এবং তাঁদের সঙ্গে সদাচরণ করা সন্তানের কর্তব্য। তবে তাঁরা শরিয়তবিরোধী কোনো কাজের নির্দেশ দিলে তা পালন করা যাবে না। কেননা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—

وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا

অর্থ: যদি পিতা-মাতা তোমাকে আমার সঙ্গে এমন কিছুকে শরিক করার জন্য চাপ প্রয়োগ করেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাঁদের আনুগত্য করবে না। তবে দুনিয়াতে তাঁদের সঙ্গে সদ্ভাবে বসবাস করবে। (সুরা লুকমান, আয়াত ১৫)

আর হাদিস শরিফে এসেছে—

لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ

অর্থ: সৃষ্টিকর্তার অবাধ্যতার কাজে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না।

সুতরাং, নাজায়েজ কাজের ব্যাপারে মায়ের নির্দেশ পালন না করলে সন্তান গুনাহগার হবে না।তবে মা যদি সুদের টাকা থেকেই সংসারের যাবতীয় খরচ নির্বাহ করেন এবং তাঁর উপার্জনের অন্য কোনো হালাল উৎস না থাকে, তাহলে প্রাপ্তবয়স্ক ও বিবেক-বুদ্ধিসম্পন্ন সন্তানের জন্য তাঁর সুদের টাকা থেকে খাওয়া-দাওয়া করা জায়েজ হবে না।

 

এ ক্ষেত্রে নিজের খাওয়া-দাওয়ার ব্যবস্থা পৃথক করতে হবে।কিন্তু মায়ের সঙ্গে সদাচরণ, সুসম্পর্ক বজায় রাখা, আর্থিক সহযোগিতা ও সেবাযত্ন যথাসম্ভব অব্যাহত রাখতে হবে। পাশাপাশি অত্যন্ত আদব ও নম্রতার সঙ্গে তাঁকে সুদ পরিত্যাগের পরামর্শ দিতে হবে।

 

সূত্র: সুরা লুকমান, আয়াত ১৫; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৪/২৪৪।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল