প্রশ্ন:কোনো ব্যক্তি ব্যাংকে জমি অথবা ঘর বন্ধক রেখে টাকা নিয়ে ব্যবসা করেন এবং প্রতি মাসে ওই টাকার সুদ পরিশোধ করেন। শরিয়তের দৃষ্টিতে এভাবে ঋণ গ্রহণ করা জায়েজ হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদ সম্পূর্ণ হারাম। পবিত্র কুরআনে সুদ পরিত্যাগ না করার ব্যাপারে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইরশাদ হয়েছে—

فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ

অর্থ: যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। (সুরা আল-বাকারা, আয়াত ২৭৯)

সুতরাং, সাধারণ অবস্থায় সুদভিত্তিক ঋণ গ্রহণ করা এবং সুদ প্রদান করা উভয়ই হারাম।তবে একান্ত অপারগতা ও চরম প্রয়োজনের ক্ষেত্রে, যখন সুদমুক্ত ঋণের কোনো ব্যবস্থা পাওয়া যায় না এবং খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও জীবিকা নির্বাহের মতো মৌলিক প্রয়োজন পূরণের অন্য কোনো উপায় থাকে না, তখন প্রয়োজনের সীমা অনুযায়ী সুদভিত্তিক ঋণ গ্রহণের অবকাশ রয়েছে। এ ক্ষেত্রে জমি বা ঘর বন্ধক রাখতেও অসুবিধা নেই। তবে অপারগতা দূর হয়ে গেলে সুদভিত্তিক লেনদেন অবিলম্বে পরিত্যাগ করতে হবে।

উল্লেখ্য, এ অবকাশ কেবল সুদ প্রদানসংক্রান্ত বিশেষ অপারগতায় প্রযোজ্য; সুদ গ্রহণ করা সর্বাবস্থায় হারাম।

রেফারেন্স:সুরা আল-বাকারা, আয়াত ২৭৯; নিযামুল ফাতাওয়া, পৃ. ১১৪৭২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল