প্রশ্ন:জনতা, সোনালী, রূপালী, অগ্রণী ইত্যাদি সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ কি না? এসব ব্যাংকে চাকরি করে উপার্জিত অর্থ হালাল হবে কি? আর এসব ব্যাংকের চাকরিজীবীদের ঘরে খাওয়া কিংবা তাঁদের কাছ থেকে হাদিয়া-উপঢৌকন গ্রহণ করা বৈধ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদ হারাম এবং সুদভিত্তিক লেনদেনে সহযোগিতা করাও নিষিদ্ধ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
অর্থ: আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
সুদের ভয়াবহতা সম্পর্কে হাদিস শরিফে কঠোর সতর্কবাণী এসেছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, সুদের গুনাহের তিয়াত্তরটি স্তর রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমতুল্য।
সুতরাং, সুদী ব্যাংকের সুদভিত্তিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা কিংবা এ ধরনের কাজে নিয়োজিত থাকা জায়েজ নয়। এ কাজে সহযোগিতার বিনিময়ে অর্জিত অর্থও হালাল হবে না।
তবে কোনো ব্যক্তির উপার্জনের অধিকাংশ হালাল হলে কিংবা তিনি হালাল উপার্জন থেকে কাউকে দাওয়াত বা হাদিয়া প্রদান করলে তা গ্রহণ করা যাবে। আর উপার্জনের অধিকাংশ হারাম হলে কিংবা নির্দিষ্ট হাদিয়া হারাম অর্থ থেকে দেওয়া হয়েছে বলে জানা থাকলে তা গ্রহণ করা যাবে না।
সূত্র: সুরা আল-বাকারা, আয়াত ২৭৫; মিশকাত শরিফ, ১/২৪৬; আহসানুল ফাতাওয়া, ৭/২২২; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৪/২৪২; ফাতাওয়ায়ে রহিমিয়া, ১/১৯৪।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল