প্রশ্ন:আমার বাবা একটি ব্যাংকের ম্যানেজার। তিনি বিগত ১০–১২ বছর ধরে সেখানে চাকরি করছেন। তিনি সরকারি বেতন ছাড়া ঘুষ, সুদ বা অন্য কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ করেন না। কিন্তু অনেকে বলেন, ব্যাংকের টাকায় সুদ মিশ্রিত রয়েছে। তাই তাঁর বেতনও পবিত্র উপার্জন নয়। আমার ধারণা, তিনি যেহেতু সরকারি নিয়মে মাসিক বেতন গ্রহণ করেন, তাই তাঁর বেতন হালাল। আমার এ ধারণা সঠিক কি না?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদভিত্তিক লেনদেনে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা করা নাজায়েজ। সুদী ব্যাংকের যেসব পদে সুদভিত্তিক কার্যক্রম পরিচালনা ও তাতে সহযোগিতা করতে হয়, সেসব দায়িত্ব পালন করা বৈধ নয়। হারাম কাজের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিকও হালাল নয়।

সুতরাং, সুদী ব্যাংকের সংশ্লিষ্ট হারাম কার্যক্রমে সহযোগিতার বিনিময়ে প্রাপ্ত বেতন হালাল হবে না। তবে আপনার পিতা যদি বর্তমানে এ চাকরির ওপর নির্ভরশীল হন, তাহলে তাঁর উচিত ইস্তিগফার করা এবং হালাল উপার্জনের বিকল্প ব্যবস্থা অনুসন্ধান করা। জীবিকা নির্বাহের উপযোগী হালাল কাজের ব্যবস্থা হলে এ চাকরি ছেড়ে দেওয়া উচিত।

এ ছাড়া পূর্বে প্রাপ্ত বেতনের ব্যাপারে শরয়ি বিধান নির্ধারণের জন্য তাঁর দায়িত্বের ধরন, কাজের প্রকৃতি ও উপার্জনের বিবরণ কোনো বিজ্ঞ মুফতির কাছে পেশ করতে হবে।

অতএব:শুধু সরকারি নিয়মে বেতন গ্রহণ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে হালাল হয়ে যায় না। বরং চাকরির প্রকৃতি ও দায়িত্বের ধরন বিবেচনা করতে হবে।

সূত্র: সুরা আল-মায়িদাহ, আয়াত ২; দুররে মুখতার, ৬/৫৫; আহসানুল ফাতাওয়া, ৮/১৯১।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল