প্রশ্ন:আমি একজন ব্যবসায়ী। বর্তমানে আমার হাতে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যবসা পরিচালনা করতে বেশ সমস্যায় পড়ছি। ব্যবসায় টিকে থাকাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যাংক থেকে সি.সি. লোনের মাধ্যমে লক্ষাধিক টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করতে চাই। এভাবে ব্যাংক থেকে সি.সি. লোন নিয়ে ব্যবসা করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?
নিবেদক: আহমদুল্লাহ
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্তমানে প্রচলিত সুদভিত্তিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তার ওপর সুদ প্রদান করা হারাম। ঋণ ব্যবসা-বাণিজ্যের জন্য হোক, বাড়ি নির্মাণের জন্য হোক কিংবা শিল্পপ্রতিষ্ঠানের জন্য হোক—সুদের শর্ত থাকলে তা গ্রহণ করা জায়েজ নয়।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
অর্থ: আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।
অন্য আয়াতে ইরশাদ হয়েছে—
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ
অর্থ: আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকাকে বৃদ্ধি করেন।
তাছাড়া হাদিস শরিফে সুদদাতা, সুদগ্রহীতা, সুদের লেখক ও সাক্ষীদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে।
হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক ও সাক্ষীদের অভিশাপ দিয়েছেন এবং বলেছেন, তারা সবাই সমান।
অতএব:সুদভিত্তিক সি.সি. লোন নিয়ে ব্যবসা করা জায়েজ হবে না। তবে কেউ যদি চরম অপারগতার সম্মুখীন হন, তাহলে তাঁর বাস্তব অবস্থা কোনো হক্কানি মুফতির কাছে তুলে ধরে শরয়ি সমাধান জেনে নেওয়া উচিত।
প্রমাণ:
সূত্র: সুরা আল-বাকারা, আয়াত ২৭৫–২৭৬; সহিহ মুসলিম, ২/২৭; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৪/২০৩, ২৪৯।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল