কোনো ব্যক্তি ব্যাংকে জমাকৃত সুদের টাকা দিয়ে এমন একটি টয়লেট নির্মাণ করেন, যা ধনী-গরিব, ছোট-বড় সবাই ব্যবহার করবে। তাহলে তা জায়েজ হবে কি? অনুরূপভাবে, সুদের কথা জানিয়ে মসজিদ বা মাদ্রাসার কমিটিকে ওই টাকা দিলে তা দিয়ে মসজিদ বা মাদ্রাসার বাথরুম নির্মাণ করা বৈধ হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, একান্ত প্রয়োজন ও অপারগতার কারণে সুদী ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খোলা জায়েজ আছে। তবে সেভিংস অ্যাকাউন্ট খোলা জায়েজ নয়। কেউ না জেনে সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকলে জানার পর তা পরিবর্তন করা উচিত।এ ধরনের অ্যাকাউন্টে জমাকৃত সুদের টাকা নিজের কাজে ব্যবহার করা জায়েজ নয়। বরং সওয়াবের নিয়ত ছাড়া গরিব-মিসকিনদের মধ্যে বিতরণ করতে হবে।

প্রশ্নে বর্ণিত জনসাধারণের ব্যবহারোপযোগী টয়লেট নির্মাণে এ টাকা ব্যয় করা জায়েজ। অনুরূপভাবে, মসজিদ-মাদ্রাসার বাথরুম নির্মাণেও তা ব্যয় করা বৈধ। তবে নিজের ব্যক্তিগত কাজে কিংবা মসজিদ-মাদ্রাসার মূল ভবন, দেয়াল, বারান্দা ইত্যাদি নির্মাণে সুদের টাকা ব্যয় করা যাবে না।

প্রমাণ:

وفي بذل المجهود (باب فرض الوضوء، ١/١٤٨):

وأما إذا كان عند رجل مال خبيث ولا يمكنه أن يرده إلى مالكه ويريد أن يدفع مظلمته عن نفسه فليس له حيلة إلا أن يدفعه إلى الفقراء.

সূত্র: ফাতাওয়ায়ে রহিমিয়া, ২/১৯২; ৩/২৬১; মাজাল্লাতু ফিকহিল ইসলামী, ২/৪১৪; জাদীদ ফিকহি মাসায়েল, ২/২৮০; কিফায়াতুল মুফতি, ৮/৫৮–৫৯, ৬৩।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল