আমরা দুজন দীর্ঘদিন ধরে অংশীদারি ব্যবসা করে আসছি। ব্যবসায় যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে, তা থেকে প্রাপ্ত আয় দিয়ে আমার সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তাই আমি আরও কিছু টাকা বিনিয়োগ করে আয় বাড়াতে চাই। কিন্তু আমার অংশীদার বিভিন্ন অসুবিধার কারণে অতিরিক্ত টাকা বিনিয়োগ করতে পারছেন না। এমতাবস্থায় আমি যদি তাঁর টাকা আমানত হিসেবে রেখে কিংবা করজ হিসেবে নিয়ে ব্যবসায় ব্যবহার করি এবং এর বিনিময়ে তাঁকে কোনো লভ্যাংশ না দিয়ে শুধু দোকানভাড়া কিছুটা বাড়িয়ে দিই, তাহলে তা বৈধ হবে কি?
নিবেদক: সালমান সাদী
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, অংশীদারি ব্যবসায় সব অংশীদারের পুঁজি সমান হওয়া জরুরি নয়। সুতরাং, আপনাদের যৌথ ব্যবসা বহাল রেখেই আপনি অতিরিক্ত পুঁজি বিনিয়োগ করতে পারবেন এবং পুঁজির অনুপাতে নিজের জন্য বেশি লাভ নির্ধারণ করতে পারবেন। তবে অংশীদারের টাকা করজ হিসেবে নিয়ে এর বিনিময়ে দোকানভাড়া বেশি দেওয়ার শর্ত করা জায়েজ হবে না। কেননা, ঋণের বিপরীতে কোনো ধরনের অতিরিক্ত সুবিধা গ্রহণ করা সুদের অন্তর্ভুক্ত।
অতএব:আপনাদের যৌথ ব্যবসা বহাল রেখে অতিরিক্ত পুঁজি বিনিয়োগ করে সে অনুপাতে লাভ গ্রহণ করতে পারবেন। কিন্তু করজের বিনিময়ে অতিরিক্ত ভাড়া দেওয়ার শর্ত করা বৈধ হবে না।
সূত্র: রদ্দুল মুহতার, ৫/১৬৬; দুররে মুখতার, ৫/১৬৭; ফাতাওয়ায়ে আলমগীরী, ৩/২০২–২০৩; শরহুল মাজাল্লা, ৩/২৭২।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল