শেয়ার ব্যবসা শরিয়তের দৃষ্টিতে জায়েজ কি না? যদি জায়েজ না হয়, তাহলে যাঁর কাছে আগে থেকেই শেয়ার ক্রয় করা রয়েছে, তিনি এখন কী করবেন?

 

 নিবেদক: ফাহাদ আহমাদ

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, শেয়ার ক্রয়-বিক্রয় জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যথা—

১.  যে কোম্পানির শেয়ার ক্রয় করা হবে, তার মূল ব্যবসা হালাল হতে হবে। যেমন—বস্ত্রকল, সুতাকল, অটোমোবাইল শিল্প ইত্যাদি। মদ তৈরির কারখানা, সুদভিত্তিক ব্যাংক বা বীমা কোম্পানির মতো হারাম ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়-বিক্রয় জায়েজ নয়।


২. ফেস ভ্যালু বা অভিহিত মূল্যের চেয়ে কম-বেশি দামে শেয়ার ক্রয়-বিক্রয় করতে হলে কোম্পানির স্থায়ী সম্পদ থাকতে হবে। যেমন—মেশিন, ভবন, কাঁচামাল ইত্যাদি। যাতে লেনদেনটি শুধু নগদ অর্থের বিনিময়ে নগদ অর্থের লেনদেন না হয়। একই সঙ্গে শেয়ারের বিক্রয়মূল্য কোম্পানির নগদ অর্থ ও আদায়যোগ্য ঋণের মোট পরিমাণের চেয়ে বেশি হতে হবে।


৩. কোম্পানির মূল ব্যবসা হালাল হলেও আনুষঙ্গিকভাবে সুদভিত্তিক লেনদেনে জড়িত থাকার আশঙ্কা রয়েছে। যেমন—সুদে ঋণ গ্রহণ করা কিংবা ব্যাংকে সুদভিত্তিক আমানত রাখা। এ ধরনের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের দায়িত্ব হলো—

প্রথম কাজ:কোম্পানির কর্তৃপক্ষকে সুদের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করতে হবে এবং সুদভিত্তিক লেনদেন বন্ধ করার দাবি জানাতে হবে। বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে প্রতিবাদ ও দাবি জানানোর সুযোগ রয়েছে।

দ্বিতীয় কাজ:প্রতিবাদ ও দাবি জানানোর পরও যদি কর্তৃপক্ষ সুদভিত্তিক লেনদেন বন্ধ না করে, তাহলে মুনাফা বণ্টনের সময় আয়-ব্যয়ের হিসাব দেখে কিংবা অন্য কোনো উপায়ে সুদ থেকে অর্জিত মুনাফার আনুপাতিক হার নির্ণয় করতে হবে। অতঃপর নিজের প্রাপ্য লভ্যাংশ থেকে ওই পরিমাণ অর্থ সওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মধ্যে বিতরণ করতে হবে।


৪. কোনো কোম্পানির মূল ব্যবসা হালাল হলেও তার যাবতীয় লেনদেন শরিয়তসম্মত কি না, তা নিশ্চিত না হয়ে শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার ক্রয় করা যাবে না। বিশেষত, স্বল্প সময়ের জন্য শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে উল্লিখিত শর্তগুলো যথাযথভাবে পালন করা সম্ভব না হলে তা থেকে বিরত থাকতে হবে।


৫. সম্পূর্ণ বা আংশিক মূল্য বাকি রেখে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কমিশন প্রদানের শর্তে ক্রয় করা যাবে। তবে পরবর্তীতে বকেয়া মূল্যের ওপর সুদ প্রদানের শর্তে ক্রয় করা জায়েজ হবে না।


৬. শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে শরিয়তের নির্ধারিত সব শর্ত যথাযথভাবে পালন করতে হবে। যেমন—কেউ শেয়ার ক্রয় করার পর অন্যের কাছে বিক্রি করতে চাইলে প্রথমে শেয়ারটি সম্পূর্ণরূপে নিজের মালিকানা ও দখলে আসতে হবে।


অতএব, উপরোক্ত শর্তাবলি যথাযথভাবে পূরণ হলে শেয়ার ক্রয়-বিক্রয় জায়েজ হবে। অন্যথায় জায়েজ হবে না। তাই শেয়ার ক্রয়ের আগে কোম্পানির কার্যক্রম, লেনদেনের ধরন ও সংশ্লিষ্ট নিয়মকানুন কোনো বিজ্ঞ মুফতির মাধ্যমে ভালোভাবে যাচাই করে নেওয়া আবশ্যক।

প্রমাণ:

شيرز کی خرید و فروخت کے جواز کے لئے کل چار شرطیں ہیں:

1)       اصل کاروبار حلال ہو۔

2)      اس کمپنی کے کچھ منجمد اثاث وجود میں آچکے ہوں، رقم صرف نقد کی شکل میں نہ ہو۔

3)     اگر کمپنی سودی لین دین کرتی ہے تو اس کی سالانہ میٹنگ میں آواز اٹھائی جائے۔

4)     جب منافع تقسیم ہو اس وقت جتنا نفع کا جتنا حصہ سودی ڈپازٹ سے حاصل ہوا ہو اس کو صدقہ کردے۔

)یہ مختصر ہے، بالتفصیل ص ١٤١ سے ١٥٦ تک موجود ہے۔ فقہی مقالات للعلامة تقی العثمانی دام مجده(

সূত্র: ইসলাম আওর জাদীদ মাঈশাত ও তিজারাত, পৃ. ৮৬; ইমদাদুল ফাতাওয়া, ৩/৪৯৪; ফিকহি মাকালাত, পৃ. ১৪১–১৫৬।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল