আমরা দুজন শেয়ার ব্যবসা করি। এর মধ্যে আমার বিনিয়োগ হলো শুধু টাকা ও শ্রম। অপরজনের রয়েছে দোকান ও টাকা, কিন্তু তিনি কোনো শ্রম দেন না। দোকানের ভাড়া ব্যবসার লভ্যাংশ থেকে পরিশোধ করা হয়। এরপর অবশিষ্ট লাভ উভয়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়। এ ধরনের লভ্যাংশ বণ্টন শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না?
নিবেদক: নাজমুল হাসান
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, অংশীদারি ব্যবসায় লাভ বণ্টনের ক্ষেত্রে পুঁজির পরিমাণ ও অংশীদারদের শ্রমের বিষয়টি বিবেচ্য।
প্রশ্নে বর্ণিত ব্যবসায় উভয়ের পুঁজি সমান হলে এবং পারস্পরিক সম্মতিতে সমান লাভ বণ্টনের শর্ত করা হলে তা জায়েজ। এতে কোনো অসুবিধা নেই। তবে অপর অংশীদারের পুঁজি অর্ধেকের কম হলে অথচ তাকে অর্ধেক লাভ দেওয়ার শর্ত করা হয়, তাহলে এভাবে ব্যবসা সহিহ হবে না। কেননা, যে অংশীদার কোনো শ্রম দেবে না, তার জন্য পুঁজির আনুপাতিক অংশের চেয়ে বেশি লাভ নির্ধারণ করা বৈধ নয়।
সূত্র: দুররে মুখতার, ৪/৩১২; রদ্দুল মুহতার, ৪/৩১২; তাকরীরাতে রাফেয়ী, পৃ. ৭১; ইমদাদুল ফাতাওয়া, ৩/১৭।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল