জামাল সাহেব দশ বছর আগে মাদ্রাসার জন্য একটি জমি ওয়াকফ করেন। পাশাপাশি তাঁর বাড়ির জামে মসজিদের জন্য ৫০ শতক জমি ওয়াকফ করেন। বর্তমানে মাদ্রাসার জমি থেকে কোনোভাবেই উপকৃত হওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, তিনি বাড়ির মসজিদটি নতুন করে নির্মাণ করতে চাচ্ছেন। এখন তাঁর জন্য মাদ্রাসা ও মসজিদের জন্য ওয়াকফকৃত জমি বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করা বৈধ হবে কি?
নিবেদন: মুহাঃ ইমরান হোসাইন (বগুড়া)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের বিধান হলো, যে সম্পদ যে খাতের জন্য ওয়াকফ করা হয়েছে, তা সে খাতের বাইরে ব্যবহার করা বৈধ নয়। একইভাবে ওয়াকফকৃত জমি বিক্রি করাও বৈধ নয়।
আর মসজিদ নির্মাণের জন্য যে জমি ওয়াকফ করা হয়, তা আজীবন নিজ অবস্থায় বহাল থাকে। তবে বিশেষ কল্যাণের স্বার্থে ওয়াকফকৃত জমি যদি এমন হয়, যা থেকে কোনোভাবেই উপকৃত হওয়া সম্ভব নয়, তাহলে তার পরিবর্তে অন্য একটি জমি ক্রয় করার শর্তে তা বিক্রি করার সুযোগ রয়েছে।
সুতরাং উপরিউক্ত নীতিমালার আলোকে প্রশ্নোক্ত ক্ষেত্রে মাদ্রাসা ও মসজিদের জন্য ওয়াকফকৃত জমি বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে অন্য মসজিদ নির্মাণ করা বৈধ হবে না।
তথ্যসূত্র: বাহরুর রায়েক, ৫/৩৪৪, যাকারিয়া শামী, ৬/৫৯৭, যাকারিয়া ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ২৩/১৩০
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল