সালাম সাহেব তাঁর একটি অনাবাদি জমি মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করার কথা ইমাম সাহেবকে জানান। তবে ওয়ারিশদের ভয়ে জীবিত অবস্থায় বিষয়টি প্রকাশ করতে নিষেধ করেন। পরবর্তীতে তাঁর মৃত্যুর পর ইমাম সাহেব ওয়ারিশদের বিষয়টি জানালে তাঁরা তা অস্বীকার করেন। জানার বিষয় হলো, তাঁর ওয়াকফ সহিহ হয়েছে কি না? ওয়াকফ সহিহ হওয়ার জন্য নির্দিষ্টসংখ্যক সাক্ষী থাকা জরুরি, নাকি সাক্ষী ছাড়াও ওয়াকফ সহিহ হয়?
নিবেদন: মুহাঃ মাহফুজুর রহমান (রাজশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে ওয়াকফ সহিহ হওয়ার জন্য সাক্ষী থাকা জরুরি নয়। তবে ওয়ারিশগণ যখন ওয়াকফের বিষয়টি অস্বীকার করবেন, তখন তা প্রমাণ করার জন্য সাক্ষীর প্রয়োজন হবে। শুধু মুখে ঘোষণা করলেই ওয়াকফ সংঘটিত হয়ে যায়। তবে ভবিষ্যতে প্রয়োজনের সময় দৃঢ়ভাবে প্রমাণ করার সুবিধার্থে ওয়াকফনামা রেজিস্ট্রি করে রাখা উচিত।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সালাম সাহেবের ওয়াকফ সহিহ হয়েছে। ওয়াকফ সহিহ হওয়ার জন্য সাক্ষী থাকা জরুরি নয়; তবে প্রতিপক্ষ অস্বীকার করলে তা প্রমাণের জন্য সাক্ষীর প্রয়োজন হবে।
তথ্যসূত্র: শামী, ৬/৫২৮, আযহার ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/৩৯৩ কিফায়াতুল মুফতি, ৯/৩৩৪
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল