বর্তমানে দেখা যায়, অধিকাংশ মসজিদ কমিটির সদস্য ও মুতাওয়াল্লি নিয়মিত নামাজ আদায় করেন না; শুধু জুমার সময় মসজিদে আসেন। জানার বিষয় হলো, বেনামাজি ব্যক্তি মসজিদের মুতাওয়াল্লি কিংবা কমিটির সদস্য হতে পারবেন কি? মুতাওয়াল্লি বা কমিটির সদস্য বেনামাজি হলে এলাকার লোকজন তাঁদের বরখাস্ত করতে পারবেন কি? আর সভাপতি বা মুতাওয়াল্লি হওয়ার ক্ষেত্রে কেমন ব্যক্তিরা অধিক উপযুক্ত?
নিবেদন: মুহাঃ ইমরান হোসাইন (কুষ্টিয়া)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ঈমানদার, নামাজ-রোজার পাবন্দ, দ্বীনদার ও আমানতদার ব্যক্তিরাই মসজিদের মুতাওয়াল্লি হওয়ার উপযুক্ত। বেনামাজি ও ফাসেক ব্যক্তিদের মসজিদ কমিটির সদস্য হওয়া বৈধ নয়। এ ধরনের অযোগ্য ব্যক্তি দায়িত্বে নিয়োজিত হয়ে গেলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা এলাকার লোকজনের জন্য তাঁদের বরখাস্ত করা আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের ক্ষমতায়নে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কাম্য নয়। এ অবস্থায় মুসল্লিদের করণীয় হলো, গঠনমূলক আন্দোলন ও কৌশল অবলম্বনের মাধ্যমে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শরয়ি মানদণ্ড অনুযায়ী যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা।
তথ্যসূত্র: দুররুল মুখতার, ৬/৫৮৪, আযহার বাহার, ৫/৪১১, যাকারিয়া রহিমিয়া, ৯/৭৩
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল