কোনো এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ না থাকায় মানুষ মসজিদে গিয়ে সেখানকার ওয়াকফকৃত বিদ্যুৎচালিত ফ্যান চালিয়ে নামাজের সময় ছাড়া অতিরিক্ত সময় কাটায় কিংবা মোবাইল ও ল্যাপটপ চার্জ দেয়। এ কাজের শরয়ি বিধান কী?
নিবেদন: মুহাঃ মাহমুদুল হাসান (সিলেট)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে মসজিদের জন্য ওয়াকফকৃত জিনিস, যেমন: ফ্যান, লাইট ইত্যাদি নামাজের সময় ছাড়া অন্য সময়ে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা বা অপচয় করা জায়েজ নেই। তবে মসজিদ-সংশ্লিষ্ট স্বার্থে বা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তা ব্যবহারের অনুমতি রাখেন।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাজের সময় ছাড়া অন্য সময়ে ফ্যান চালিয়ে অযথা সময় কাটানো কিংবা ব্যক্তিগত কাজ করা জায়েজ নেই। তবে মসজিদ-সংশ্লিষ্ট ব্যক্তি, যেমন: ইমাম ও মুয়াজ্জিনের জন্য প্রয়োজন অনুযায়ী তা ব্যবহারের অনুমতি রয়েছে। আর মোবাইল ও ল্যাপটপ চার্জ দেওয়া যেহেতু মসজিদ-সংশ্লিষ্ট বিষয় নয়, তাই তা কোনোভাবেই জায়েজ হবে না।
তথ্যসূত্র: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ২/৪১৫, যাকারিয়া ফাতাওয়ায়ে বাযযাযিয়া, ৩/১৪৪, যাকারিয়া মাহমুদিয়া, ১৫/৬৫০
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল